সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:৪১

পাকিস্তান সফরে আসার পর থেকে জয় যেন সোনার হরিণ হয়েছিল দক্ষিণ আফ্রিকার কাছে। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম টি-টোয়েন্টিতেও মিলেছে হার। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে তারা। গতকাল লাহোরে স্বাগতিকদের ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতায় ফিরেছে হেনরিখ ক্লাসেনের দল। একই মাঠে আজ  গড়াবে সিরিজ নির্ধারণী ম্যাচটি।  টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে কঠিন পরীক্ষায় ফেলেন ডোয়াইন প্রিটোরিয়াস। ৪ ওভারে ১৭ রান দিয়ে একাই ৫ উইকেট নেন এই প্রোটিয়া পেসার। তবু আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ রিজওয়ানের (৫১) ফিফটিতে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলে বাবর আজমের দল। জবাবে ৬ উইকেট ও ২২ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৪২ রান করেন ওপেনার রিজা হেনড্রিকস ও পিট ভ্যান বিলজন।