দশমিনায় পানির দাবিতে কৃষকের মানববন্ধন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৬

দশমিনা উপজেলায় বগীর খালে ব্রিজ নির্মাণের জন্য বাঁধ দেওয়ায় পানির অভাবে ব্যাহত হচ্ছে বোরো চাষাবাদ। রবিবার বেলা ১১টায় পানির দাবিতে স্থানীয় কৃষকরা ঐ ব্রিজসংলগ্ন জমিতে মানববন্ধন করেছেন। এ সময় তারা জানান, উপজেলার উত্তর বাঁশবাড়িয়া হাজিরহাট এলাকায় নির্মাণাধীন ব্রিজের বগী খালে বাঁধ দেওয়ায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে রোপিত বীজ লালচে রং হয়ে যাওয়ায় দ্রুত পানি সরবরাহ দরকার। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহম্মেদ বলেন, দু-এক দিনের মধ্যে পানির ব্যবস্থা না করা হলে প্রায় ২০০ একর জমির ৮০ ভাগ ধানের চারার ক্ষতি হবে।