সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৬

মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা গাংনীতে রাষ্ট্রীয় ভাতাপ্রাপ্ত গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের প্রতিবেদন বাতিলের দাবিতে রবিবার মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। গাংনী শহীদ মিনার চত্বরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেন তারা। এ সময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, মোজাম্মেল হক, গোলাম মোস্তফা, আজগর আলী, দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বন সুরক্ষায় বননির্ভরশীলদের শপথ

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা রাষ্ট্রীয়ভাবে ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস ঘোষণার দাবিসহ নানা কর্মসূচিতে মোংলায় উদ্যাপিত হয়েছে ‘সুন্দরবন দিবস’। এ উপলক্ষ্যে রবিবার উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত স্থানীয় বননির্ভরশীলদের বনের ক্ষতি না করার জন্য শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। শেষে পৌর শহরের চৌধুরীর মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ওয়াটারকিপার্স বাংলাদেশ, বাদাবন সংঘ, সুন্দরবন জাদুঘর ও পশুর রিভার ওয়াটার কিপার।

প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জের সোনাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কবি, নাট্যকার ও সাহিত্য পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাকের ওপর হামলার প্রতিবাদে রবিবার মানববন্ধন করা হয়েছে। দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট এ মানববন্ধনের আয়োজন করে।  ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ও সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাহিত্য পরিষদের সহসভাপতি প্রমুখ।

বিরামপুর পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা বিরামপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অধ্যক্ষ আক্কাস আলী ও কাউন্সিলররা রবিবার পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেছেন। অনুষ্ঠানে দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক সবাইকে করোনা টিকা নেওয়ার অনুরোধ জানিয়ে মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর কাছে বিরামপুরকে জেলা বাস্তবায়নের দাবি জানান। পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু প্রমুখ।

 

 

প্রতারকদের মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাতিলের দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি প্রতারকদের মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাতিলের দাবিতে রবিবার সুনামগঞ্জের তাহিরপুরে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। তাহিরপুর বাজারে ঐ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও তাহিরপুর সন্তান কমান্ডের সভাপতি এম কে ওয়াহিদ খসরুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলার সাবেক কমান্ডার মো. রউজ আলী, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের প্রমুখ।

জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা  রবিবার অনুষ্ঠিত হয়েছে। শহীদ এম শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না। জেলা প্রশাসক ড. ফারুক আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসিবুল আলমসহ (বিপিএম) বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি কর্মকর্তারা।

নওগাঁয় টিকা নিয়েছেন ১৫ হাজার মানুষ

নওগাঁ প্রতিনিধি নওগাঁয় শনিবার পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষ করোনা ভাইরাস প্রতিরোধক টিকা গ্রহণ করেছেন। নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-ই-মোর্শেদ জানান, নওগাঁয় সদরসহ ১১টি উপজেলায় উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষ করোনা ভাইরাস প্রতিরোধক টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহণকারীদের মধ্যে এখন পর্যন্ত কারো কোনো বড় ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়নি।

চরবাসীকে সুরক্ষাসামগ্রী বিতরণ

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি ভোলা সদরের মেঘনা চরবাসীর সুরক্ষার জন্য রবিবার সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের সহযোগিতায় ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝেরচর এলাকায় এ সামগ্রী বিতরণ করা হয়। কাচিয়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নকীবের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

 

 

এতিমদের খাওয়ানোর মাধ্যমে ‘বিশ্ব ভালোবাসা’ দিবস

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা বিশ্ব ভালোবাসা দিবসে চৌদ্দগ্রামের বাতিসা এতিমখানার এতিমদের ‘ভালোবাসা’ দিয়ে দুপুরে খাওয়ালেন বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাচ-২০১৫-এর ছাত্ররা। এতিমদের ফুল দিয়ে বরণ, হাত ধোঁয়া থেকে শুরু করে দুপুরের খাবার পরিবেশন, কেক কাটা ও খাওয়ানো, প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী বিতরণের মাধ্যমে বিশ্ব ভালোবাসা দিবস পালন করেন তারা। রবিবার স্থানীয় রয়েল হোস্টে বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের ঐ ব্যাচের প্রবাসী ছাত্রদের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়াকুব আলম, রাকিবুল হাছান মোল্লা প্রমুখ।