রোমানিয়ায় নিজস্ব ব্র্যান্ডে টিভি রপ্তানি করছে ওয়ালটন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৮

ইউরোপের দেশ রোমানিয়ায় নিজস্ব ব্র্যান্ডের নামে টিভি রপ্তানি কার্যক্রম শুরু করেছে ওয়ালটন। ওয়ালটন ব্র্যান্ডের এই যাত্রায় সঙ্গী হয়েছে দেশটির খ্যাতনামা কনজ্যুমার ইলেট্রনিকস পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ‘কেটিএন টেকনোলজি’। তারা পরিবেশক হিসেবে রোমানিয়ায় ওয়ালটন ব্র্যান্ডের টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, কেটলি, ব্লেন্ডারসহ অন্যান্য কিচেন অ্যাপ্লায়েন্স বাজারজাত করবে। রবিবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ভার্চুয়াল মাধ্যমে ‘ফার্স্ট ওয়ালটন টেলিভিশন ব্র্যান্ড বিজনেস ইন রোমানিয়া’ শীর্ষক এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ওয়ালটনের প্রতিনিধি ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম এবং ‘কেটিএন টেকনোলজি’র পক্ষে জেনারেল ম্যানেজার ফ্লোরিয়ান তিরলার মধ্যকার এক ডিস্ট্রিবিউটর বিজনেসের চুক্তি স্বাক্ষর হয়। উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, পরিচালক এস এম মাহবুবুল আলম ও নিশাত তাসনিম শুচি।— প্রেস বিজ্ঞপ্তি