ধৈর্যই যেখানে টেস্ট ক্রিকেটের মূল মন্ত্র সেখানে রাকিম কর্নওয়ালরাই তো জয়ী হবেন। তাতে যত প্রতিকূলতাই থাকুক না। কর্নওয়াল দেখিয়েছেন নিজের প্রতি অগাধ বিশ্বাস থাকলে যে কোনো কিছুই জয় করা যায়। যে বিশ্বাসের কাছে গতকাল ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। সঙ্গে জুটেছে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জাও। কালকে দিনটা কর্নওয়ালের দিন বললে ভুল হবে। বল হাতে যেমন একের পর এক স্পিন বিষ ছড়িয়েছেন, তেমনি ১৪০ কেজি ওজন নিয়ে স্লিপ ফিল্ডিংয়েও ছিলেন দুর্দান্ত। জোমেল ওয়ারিকানের বলে স্লিপে মেহেদী হাসান মিরাজের ক্যাচ নিয়েই দলকে ভাসান জয়ের উল্লাসে। ৯ উইকেট ও তিনটি ক্যাচ নেওয়ায় স্বাভাবিকভাবেই ম্যাচ সেরার পুরস্কার উঠে তার হাতেই।
সিরিজের দুই টেস্ট মিলিয়ে ১৪ উইকেট নেওয়া কর্নওয়াল বলেন, ‘কন্ডিশনে কিছুটা স্পিনের ছোয়া পেলেই আমি সেটা উপভোগ করি। আপনাকে শুধু ধৈর্য ধরে একই জায়গা বল করতে হবে এবং চাপ সৃষ্টি করতে হবে।’ বাংলাদেশি ক্রিকেট ভক্তদের মাঝে কর্নওয়ালের ওজন নিয়ে কম কথা হয়নি। এমনকি তার স্লিপে ফিল্ডিং করাটাও অনেকের কাছে অবিশ্বাস্য। সেই বিদ্রুপগুলোকে কর্নওয়াল চেপে দিয়েছেন নিজের দক্ষতা দিয়ে। তিনি বলেন, ‘স্লিপ ফিল্ডিং নিয়ে সকালে অনেক কাজ করেছি। যখন বলটি আমার দিকে আসলো তখন আমি শুধু বলটিকে তালুবন্দি করতে চেয়েছি।’
কর্নওয়ালের মতোই ধৈর্যের কথা বলেছেন সিরিজ সেরা খেলোয়াড় এনক্রুমা বনারও। নিজের অভিষেক সিরিজেই সামর্থ্যের পরিচয় দিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। দুই ফিফটিসহ করেছেন ২৩১ রান। পুরস্কার নিতে এসে বনারের কণ্ঠে ফুটল টেস্ট ক্রিকেটের মৌলিক কথাটাই। তিনি বলেন, ‘সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নিয়ে জেনেছি এখানে ব্যাটিং করতে হলে ধৈর্য ধরতে হবে। এটি টেস্ট ক্রিকেট, এখানে আপনাকে নিজের উইকেটের মূল্য চুকাতে হবে।’
