পিরোজপুরের মঠবাড়িয়ায় বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে এক নবদম্পতির মৃত্যু ঘটেছে। শনিবার রাত সাড়ে ৩টার দিকে পৌর শহরের কলেজপাড়া আবাসিক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে পুড়ে মো. সাইফুল ইসলাম (২৫) ও তার নব বিবাহিত স্ত্রী মনিরা আক্তারের (১৮) মৃত্যু ঘটে। পুলিশ রবিবার সকালে নিহত দম্পতির লাশ উদ্ধার করে।
জানা গেছে, উপজেলার হারজী নলবুনীয়া গ্রামের মো. বারেক হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম গত সাত মাস আগে বিয়ে করেন। সাইফুল শহরের পশ্চিম কলেজপাড়া এলাকার একটি ভাড়া বাসায় থেকে ভাড়ায়চালিত অটো চালাতেন। রবিবার ভোর রাতে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বাসার নিচে ঘুমিয়ে থাকা সাইফুলের বাবা-মা, ভাই ও ভাইয়ের শ্যালক বাইরে বের হতে পারলেও বাসার দোতলায় ঘুমিয়ে থাকা সাইফুল ও তার স্ত্রী মনিরা আটকা পড়েন। এ সময় তারা আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয় জনতার সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। মঠবাড়িয়া ফায়ার স্টেশন কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে বাসা, গাড়ি ও মালামালসহ ৩৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান জানান, নবদম্পতির লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
