সাংবাদিককে হুমকি দিয়ে চাপের মুখে অবশেষে পদত্যাগ করলেন হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি টি জে ডাকলো। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি। খবর সিএনএনের
ডাকলো নিজেই তার টুইটারে পদত্যাগের কথা জানান। তিনি বলেন, আমি জানি এটা ছিল ভয়ংকর। আমি হয়তো সেটা আর ফেরাতে পারব না। কিন্তু আমি জানি, এটা থেকে আমি কিছু শিখেছি এবং ভবিষ্যতে ভালো কিছু করব। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে একটি প্রতিবেদনে জানানো হয়েছিল যে, আরেকটি সংবাদমাধ্যমের এক সাংবাদিকের সঙ্গে ডাকলোর ভালোবাসার সম্পর্ক রয়েছে। আর এ নিয়ে পলিটিকো নামের একটি পত্রিকার সাংবাদিক কাজ করছেন। এ নিয়ে পলিটিকোর রিপোর্টার তারা পামেরিকে হুমকি দেন ডাকলো। হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি জানান, ঐ ঘটনার পর ডাকলো ক্ষমা চেয়েছেন। তবে এ নিয়ে হোয়াইট হাউজের কর্মকর্তারা অস্বস্তির মধ্যে ছিলেন। কারণ বাইডেন ক্ষমতায় আসার মাত্র এক মাসের মধ্যে এ ধরনের ঘটনা অস্বস্তিরই বটে। এরপর ডাকলোর সঙ্গে আলোচনা করা হয়। তাকে সাত দিনের জন্য বিনা বেতনে বরখাস্তও করা হয়েছিল। এ নিয়ে সন্তুষ্ট ছিলেন না অনেকে। অবশেষে নিজের ভুলের জন্য ডাকলো পদত্যাগ করেন।
