পৌরসভা নির্বাচনে ইভিএমের ফল নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ইভিএম মেশিনে ভোট হলেও ফলাফল দেওয়া হয়েছে ম্যানুয়ালি (হাতে লিখে)। গতকাল সারা দেশে অনুষ্ঠিত ৫৫টি পৌরসভা নির্বাচনের মধ্যে ২৯টি পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোট হয়েছে। এর মধ্যে চুনারুঘাট পৌরসভা নির্বাচনে প্রত্যেক কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হয়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভোট শেষে প্রথমে প্রতিটি বুথে থাকা ইভিএম মেশিন থেকে ঐ বুথের ফল প্রিন্ট দেওয়া হয়। এরপর প্রিজাইডিং অফিসার তার আইডি ও কোড নম্বর ব্যবহার করে চূড়ান্ত ফলাফলের প্রিন্ট দেন। ঐ ফলের প্রিন্ট কপিতেই প্রিজাইডিং অফিসার স্বাক্ষর করেন। কিন্তু চুনারুঘাট পৌরসভা নির্বাচনে প্রিজাইডিং অফিসার ১১টি ভোটকেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্রেই ফলাফল হাতে লিখে দিয়েছেন। এছাড়া ইভিএমের ফল নিয়েও ভোটারদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে।
