রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলায় জামিন পেয়েছেন তার স্বামী আসিফ প্রিসলি। মামলার পুনর্বিচারে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল গ্রহণ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন।
আদালতে আসিফের পক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও রাষ্ট্রপক্ষে ডেপুুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ দেবনাথ শুনানি করেন। মুনসুরুল হক চৌধুরী বলেন, বিচারিক আদালতের রায় বাতিল করে পুনর্বিচারের যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল তার বিরুদ্ধে আসিফের লিভ টু আপিল গ্রহণ করে জামিন দিয়েছে আপিল বিভাগ।
রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্দশ ব্যাচের শিক্ষার্থী ছিলেন ওয়াহিদা সিফাত। ২০১০ সালে আসিফ প্রিসলির সঙ্গে তার বিয়ে হয়। পাঁচ বছরের মাথায় ২০১৫ সালে ২৯ মার্চ শ্বশুরবাড়িতে মারা যান সিফাত। ২০১৭ সালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসিফকে দণ্ডবিধির ৩০৬ ধারায় ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে রায় দেয়। রায়ে অন্য আসামিদের খালাস দেওয়া হয়।
এ রায়ের বিরুদ্ধে আসিফ এবং বাদীপক্ষ আপিল করে। গত বছরের ৬ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটি পুনর্বিচারের নির্দেশ দেয়।
