বসন্ত-ভালোবাসা দিবসে ফুল বিক্রি না হওয়ায় বিপাকে চাষিরা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০১

রংপুরের পীরগাছায় বসন্ত ও ভালোবাসা দিবসে ফুল বিক্রি করতে না পারায় চরম বিপাকে পড়েছে ফুল চাষিরা। সারাদিন মাঠে অপেক্ষা করেও তেমন ফুল বিক্রি করতে পারেনি তারা। ফুল বিক্রি করতে না পারায় বাগানে শোভা পাচ্ছে বিভিন্ন প্রজাতির ফুল।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের উপজেলার রাম গোপাল গ্রামের আনোয়ার হোসেনের ফুল বাগানে গিয়ে দেখা যায় এমন চিত্র। বাগানে শোভা পাচ্ছে বিভিন্ন রকমের ফুল। কোনো ক্রেতা নেই। বিক্রির অপেক্ষায় প্রহর গুনছেন তিনি।

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ও বসন্ত উৎসবে প্রতিবছর প্রচুর ফুল বিক্রি হয়। কিন্তু এবছর ফুল বিক্রি নেই বললে চলে। শুধু যৎসামান্য গোলাপ ফুল বিক্রি হলেও অন্যান্য ফুল বিক্রি না হওয়ায় বাগানেই শোভা পেতে দেখা যায়। বাগানে গোলাপের পাশাপাশি গাঁধা, জবা, নাইনটাস, ইন্টার হেনা, গেজনিয়া ও ক্যালেন্ডুলা ফুলের চাষ করা হয়েছে।

ফুল চাষি আনোয়ার হোসেন বলেন, প্রতি বছর এ সময়ে প্রচুর ফুল বিক্রি করি। কিন্তু এবারে তেমন ফুল বিক্রি হচ্ছে না। করোনা কালীন সময়ে প্রায় অর্ধলাখ টাকা ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে বসন্ত ও ভালোবাসা দিবসের জন্য প্রচুর ফুল চাষ করেছি। কিন্তু একই দিনে দুটি দিবস হলেও ফুল বিক্রি নাই। বাগানে প্রায় ৬০ হাজার টাকার ফুল নিয়ে চরম বিপাকে আছি। এসব ফুল এক সপ্তাহের মধ্যে বিক্রি করতে না পাড়লে ঝড়ে পড়ে যারে।

তিনি আরও বলেন, গত বছর স্কুল কলেজ খোলা থাকায় বাগান থেকে প্রচুর ফুল বিক্রি করেছি। এবারে ছাত্র-ছাত্রীর উপস্থিতি নাই। দুই একজন পথচারি বাগানে এসে শুধু ছবি তুলে চলে যাচ্ছে। এবারো চরম ক্ষতির মুখে পড়তে হবে।

ইত্তেফাক/জেডএইচডি