লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে উঠে আসা অভিনেত্রী নাজিফা তুষিকে দেখা যাবে ক্লোজআপ কাছে আসার গল্পে। ভালোবাসা দিবসে একসঙ্গে ১৬ টি চ্যানেলে প্রচারিত হয়েছে নাজিফা তুষি অভিনীত ‘অথবা প্রেমের গল্প’। এটি পরিচালনা করেছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি। এতে নাজিফার সঙ্গে অভিনয় করেছেন শাওন।
নাজিফা জানান, ক্লোজআপ কাছে আসার গল্পে এটি তার প্রথম অভিনয়। তাই আগ্রহ ও চেষ্টা বরাবরের মতোই বেশি ছিল। এটির শুটিং হয়েছে সুনামগঞ্জের সুন্দর কিছু লোকেশন।
নিজের চরিত্র নিয়ে নাজিফা জানান, কাছে আসার গল্পে আমরা সবসময় মিষ্টি একটা প্রেম দেখতে পাই। কিন্তু এবার আমার গল্পটা একটু আলাদা। আমি এ ধরনের চরিত্রে এর আগে অভিনয় করিনি। তবে এমন চরিত্র আমাদের চারপাশে দেখেছি। আমার চরিত্রটা নিয়ে যদি ছোট্ট করে বলি তাহলে বলব, মেয়েটা একটা ঘটনার মধ্যে দিয়ে ট্রমাটাইজড হয়ে যায়। সেটা থেকে উঠে আসার গল্প বা প্রেমের গল্পটাই দেখব।’
অভিনেত্রী নাজিফা তুষি। ছবি: সংগৃহীত
ক্যারিয়ারের শুরু থেকেই চলচ্চিত্রের প্রতি আগ্রহ তুষির। অভিনয় শুরু করেছেন রেদওয়ান রনির আইসক্রিম চলচ্চিত্রে অভিনয় দিয়ে। তারপর মেজবাউর রহমান সুমনের হাওয়া চলচ্চিত্রে দেখা গেছে তাকে। এ ছাড়া অসংখ্যা বিজ্ঞাপনে মডেল হয়েছেন তুষি। নাটকে একেবারেই অভিনয় করেন না তিনি।
নাজিফার কথায়, এবার ক্লোজআপ কাছে আসার গল্পটা করা হয়েছে মূলত বাবার আগ্রহে। বাবা প্রায়ই বলেন আমাকে টিভিতে দেখা যায় না। তাই এবার করলাম। তা ছাড়া ক্লোজআপের প্রজেক্টে একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে। সব মিলিয়ে কাজটি করা। তবে সব কিছু সার্থক হবে দর্শকদের ভালো লাগলে। ভালোবাসা দিবসে রাত ৮টায় দেশের ১৬টি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয় ‘অথবা প্রেমের গল্প’।
ইত্তেফাক/বিএএফ/এএইচপি
