পাবনায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১০

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম আমিরুল ইসলাম (৩০)। তিনি ভাঁড়ারা ইউনিয়নের কাথুলিয়া গ্রামের মুন্তাজ ব্যাপারীর ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। নিহত আমিরুল আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত চরমপন্থি নেতা নিস্তারের ঘনিষ্ঠজন বলে এলাকায় পরিচিতি রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, আমিরুলকে আতাইকান্দা বুনেপাড়া এলাকায় গুলি করে হত্যা করা হয়। হত্যাকারীরা চলে যাবার সময় সর্বহারার স্লোগান দিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। 

হত্যার কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে বলে জানান এএসপি মাসুদ আলম। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ইত্তেফাক/জেডএইচডি