চলচ্চিত্র ও টেলিভিশনে যেসব নির্মাতার নামে দর্শকরা পর্দার সামনে বসেন, সেই তালিকায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ অন্যতম। তার কাজের গ্রহণযোগ্যতা অন্যরকম। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালার জন্য নিয়মিত নতুন নতুন কাজ করে যাচ্ছেন। ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে ‘রোমিও জুলিয়েট’ ও ‘ট্রু স্টোরি’। আগামী ২৬ ফেব্রুয়ারি টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টর’স গিল্ডের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন। এ নিয়ে ইত্তেফাক অনলাইনের মুখোমুখি হয়েছেন তিনি।
ইত্তেফাক অনলাইন: কয়েকদিন আগে ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন নির্বাচন করবেন না। এখন সিদ্ধান্ত পাল্টেছেন কী ভেবে?
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ: ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম এবং মনস্থির করেছিলাম নির্বাচন করবো না। কিন্তু কয়েকজন গুণী যারা আমার মুরব্বি, তারা আমাকে ডেকে বললেন— ইন্ডাস্ট্রির স্বার্থে আমার নির্বাচন করা উচিত। মূলত সেজন্যই নির্বাচনে দাঁড়াতে রাজি হয়েছি।
ইত্তেফাক অনলাইন: নির্বাচনে আপনার ইশতেহার কী হবে?
রাজ: আমার ইশতেহার একটাই- আমাদের সবার কাজের সুন্দর পরিবেশ তৈরি করা।

ইত্তেফাক অনলাইন: এর আগে দু’বার নির্বাচন করে হেরেছেন। এবার জেতার আত্মবিশ্বাস আছে?
রাজ: দুইবার পরাজিত হয়েছি, এ নিয়ে আমার কোনো আফসোস নেই। কারণ আমি নেতা হতে আসিনি। এবার সবাই চাইলে জিততে পারবো।
ইত্তেফাক অনলাইন: সাধারণ সম্পাদক পদে এবার জিতলে কী করবেন?
রাজ: নির্বাচনে জয়ী হলে কী করবো সেটা এখন বলতে চাচ্ছি না। সেটা ধীরে ধীরে জানতে পারবেন। আর আমি কাজে বিশ্বাসী, বলায় বিশ্বাসী না।

ইত্তেফাক অনলাইন: চলচ্চিত্র সেন্সর বোর্ডের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সামনে নতুন নীতিমালাও আসছে। এসব নিয়ে আপনার মন্তব্য কী?
রাজ: নীতিমালা নিয়ে শুধু বলতে চাই, আমরা নির্মাতারা স্বাধীন। তাই কঠিন কোনো নীতিমালা দিলে আমাদের সৃজনশীল কাজে ব্যাঘাত ঘটবে।
ইত্তেফাক/এসসিএস
