বিনোদন রিপোর্ট
এদেশে অডিও রেকর্ডিং, বেতার, স্টেজ শো ও প্লেব্যাকে ব্যস্ততম শিল্পী কোনাল। সম্প্র্রতি কোনালের কাজের পরিধি ও প্রশংসা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়ালো। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে জার্মান সংগীত পরিচালক রবার্ট বার্থার সংগীত পরিচালনায় তৈরি হয়েছে ‘থ্রু দ্য টাইগার্স আই’ শিরোনামে একটি গান। যে গানে বাংলাদেশ থেকে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কোনাল। তার সঙ্গে জার্মান, স্পেন, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ফ্রান্স, সুইডেন, মাল্টা, ব্রাজিল ও পোলান্ডের ১০ জন শিল্পী কণ্ঠ দিয়েছেন। প্রত্যেকেই তাদের গানে বাংলাদেশকে তুলে ধরেছেন। গানটিতে রয়েছে ৪ লাইনের বাংলা। ওই ৪ লাইন লিখেছেন কোনাল নিজেই। পুরো প্রকল্পের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন ড্যানিয়েল সেইডল।
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি জার্মানি থেকে কোনালের সঙ্গে যোগাযোগ করেন। কোনাল বলেন, ‘বাংলাদেশ নিয়ে এমন একটি আন্তর্জাতিক কাজের অংশ হতে পারা গর্বের ব্যাপার। কাজটা করে খুব ভালো লেগেছে। তারা চেয়েছিলেন কনসার্ট ফর বাংলাদেশের মতো কিছু একটা করতে। তারপর তৈরি হলো এই গান। নানা দেশের সব শিল্পীর সঙ্গে পরিচিত হলাম। সামনে আমরা আরো কাজ করবো আশা করি।’
গানের উদ্যোক্তা রবার্ট বার্থার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার খুব কাছের একজন বন্ধু ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করে। সেই সুবাদে আমারও কিছু বাংলাদেশি বন্ধু হয়ে যায়। বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি নিয়ে অনেককিছুই জানি। এই দেশের মানুষ আর কৃষ্টিকে ভালোবাসি। এ রকম গুরুত্বপূর্ণ ইভেন্টের জন্যও গান বানিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার অর্ধশত বছর পূর্তি উপলক্ষে গানটি করে খুব ভালো লেগেছে। ইউটিউবে মুক্তির পর অসংখ্য মানুষ পছন্দ করেছেন গানটি। মন্তব্য করে অনেকেই বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন এই গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে।’
