বিনোদন ডেস্ক
তারকাদের বিয়ে, বিচ্ছেদ নতুন কিছু নয়। ক’দির পরপরই এমন খবর চাউর হয়ে যায় বিনোদন দুনিয়ায়। বিয়ে নিয়ে যেমন ভক্তদের কৌতুহল থাকে তেমনি বিচ্ছেদ নিয়েও আলোচনা-সমালোচনা কম হয় না। এবার তেমন খবরে আবারো শিরোনামে এলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। বিচ্ছেদের ২ বছর পার না হতেই আবারো বিয়ের পিঁড়িতে বসলেন এই অভিনেত্রী। গতকাল পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই বৈভব রেখির সঙ্গে আনুষ্ঠানিক বিয়ে সারলেন তিনি। গত ১ সপ্তাহ ধরে এ নিয়ে জলঘোলা হলেও গতকাল দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধলেন দিয়া।
গতকাল সকালে নিজের মেহেন্দি রাঙা হাতের ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করেন দিয়া। ছবিগুলো প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর বিয়ে নিয়ে ফের সরগরম হয়ে উঠতে শুরু করে সিনেপাড়া। এছাড়া বিয়ের আগের রাতেও সেলিব্রেটি ম্যানেজার পূজা দাদলানি একটি ছবি শেয়ার করেন। যেখানে দিয়ার সঙ্গে দেখা যায় অভিনেত্রীর হবু বর বৈভব রেখিকে। ছবিতে ‘ওয়েলকাম আওয়ার ক্রেজি ফ্যামিলি দিয়া মির্জা’ বলে ক্যাপশন জুড়ে দেন পূজা। জানা গেছে, মুম্বাইয়ের পালি হিলের বাসিন্দা বৈভব রেখির সঙ্গে সম্প্রতি সম্পর্কে জড়ান দিয়া মির্জা। লকডাউনের সময় বৈভবের সঙ্গে ডেট করতে শুরু করেন প্রাক্তন মিস ইন্ডিয়া। যদিও বৈভবের সঙ্গে সম্পর্ককে বেশি লাইমলাইটে আসতে দেননি দিয়া।
উল্লেখ্য, প্রথম স্বামী সাহিল সঙ্ঘের সঙ্গে বিচ্ছেদের পর এবার দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন দিয়া। ২০১৪ সালে সাহিল সঙ্ঘের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। ৫ বছর পর সাহিলের সঙ্গে তার বিচ্ছেদ হয়।
