করোনার নতুন ধরন শনাক্ত, অকল্যান্ডে আবারও লকডাউন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৭

রয়টার্স ও আলজাজিরা

নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। ব্রিটেনে পাওয়া করোনার নতুন ধরনের উপস্থিতি সম্প্রতি অকল্যান্ডেও শনাক্ত হয়েছে। করোনার এই নতুন ধরনটি আগের ধরনের চেয়ে অনেক বেশি সংক্রামক। সে কারণেই নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে গতকাল সোমবার স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

অকল্যান্ডে প্রায় ২০ লাখ মানুষ বসবাস করে। রবিবার থেকে সেখানে তিন দিনের লকডাউন জারি করা হয়েছে। সম্প্রতি ঐ শহরে তিন জনের দেহে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। নতুন ধরনের করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য। তারা কীভাবে নতুন ধরনের এই ভাইরাসে আক্রান্ত হলেন তা এখনো অজানা। সোমবার ফেসবুকের এক লাইভে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন বলেন, ‘আমরা ধারণা করছি যে, আরো বেশি সংক্রমণযোগ্য নতুন ধরনের ভাইরাস এটি। সে কারণেই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে আমরা একেবারেই সঠিক সিদ্ধান্ত নিয়েছি বলা যায়।’

গত ছয় মাসের মধ্যে এবারই প্রথম অকল্যান্ড শহরে লকডাউন ঘোষণা করা হলো। শুরু থেকেই করোনা মহামারিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে নিউজিল্যান্ড।