ফসলি জমির মাটিকর্তন হুমকিতে বিদ্যুতের টাওয়ার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৭

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

সিরাজদিখানে তিন ফসলি জমি রক্ষায় ইটভাটার জন্য মাটি কাটা ও বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল  উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ক্ষতিগ্রস্ত জমির মালিকগণসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, কৃষিজমি থেকে স্থানীয় ভূমিদস্যু ও মাটিখেকোরা এলাকার খিদিরপুর, চন্ডিবর্দ্দি, নয়াগাঁও বাজার, রামকৃষ্ণদি, কংশপুরাসহ বিভিন্ন গ্রামের ফসলি জমির মাটি প্রকাশ্যে কেটে নিয়ে তা ইটভাটায় বিক্রি করছে। ফলে তিন ফসলি জমি দিনে দিনে হারিয়ে যাচ্ছে। এ অবস্থা প্রায় ১০ বছর ধরে চলে আসছে। এতে করে কমে যাচ্ছে ফসলি জমি, হুমকিতে পড়েছে জাতীয় গ্রিডের বিদ্যুতের টাওয়ার, পল্লী বিদ্যুতের খুঁটিসহ, বসতবাড়ি, ধুলাবালিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। মাটিকাটা বন্ধের বিষয়ে স্থানীয় প্রশাসনকে একাধিকবার অবহিত করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।