দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতার ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৯ সালের এই দিনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাসবিরোধী জনসভায় বক্তৃতাকালে চরমপন্থি সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত হন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের তত্কালীন কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী আরেফ আহমেদ, কুষ্টিয়া জেলা জাসদের তত্কালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইয়াকুব আলী ও স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও শমসের মণ্ডল। এ উপলক্ষ্যে আজ শহিদ ইয়াকুব আলী ট্রাস্ট দৌলতপুর উপজেলার পিএম কলেজ মাঠে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অপরদিকে কাজী আরেফ পরিষদ, কুষ্টিয়া জেলা জাসদ ও শহিদ লোকমান হোসেন ফাউন্ডেশন পৃথকভাবে স্মরণসভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হবে।
