স্পোর্টস ডেস্ক
রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে প্রখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলের মনে ভয় ছিল কিছুটা। ব্যাটিং সত্তাটা বোধ হয় হারিয়ে ফেলতে বসেছেন এই ভারতীয় অফ স্পিনার। গতকাল চেন্নাই টেস্টের তৃতীয় দিন শেষে হার্শার মনে কোনো ভয় নেই। কেননা, ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিটি তুলে হার্শার সেই ভয় যে কাটিয়ে দিয়েছেন অশ্বিন।
তার দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৪৮২ রানের পাহাড়সমান লক্ষ্য দিয়েছে ভারত। যেই লক্ষ্যের চাপে পিষ্ট হয়ে ইংল্যান্ডের বড় হার অনেকটা সময়ের ব্যাপার মাত্র। তৃতীয় দিন শেষে চেন্নাই টেস্টের সামারিটা এরকমই মনে হচ্ছে। যেখানে ৪২৯ রানে পিছিয়ে থেকে ৩ উইকেটে ৫৩ রানে আজ চতুর্থ দিনের খেলার শুরু করবে জো রুটের দল। হাতে আরো দুই দিন সময় থাকলেও চেন্নাইয়ের উইকেট বলছে, পঞ্চম দিনে বিশ্রামেই থাকবে সে! যেই উইকেট নিয়ে সাবেক ইংলিশ ক্রিকেটারদের প্রশ্নের শেষ নেই। অতিরিক্ত টার্নের পিচ কিউরেটর ও স্বাগতিকদের ধুয়ে দিচ্ছেন তারা। অথচ সেখানেই মনে রাখার মতো সেঞ্চুরি করে দেখালেন অশ্বিন। ১ উইকেটে ৫৪ রান নিয়ে দিন শুরু করা ভারতের কাজটাই ছিল লিড বড় করার। কিন্তু ১০৬ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। এর পরই ক্রিজে আসেন অশ্বিন। প্রথমে অধিনায়ক বিরাট কোহলির (৬২) সঙ্গে ৮৬ রানে জুটির পর, লোয়ার অর্ডারদের সাহায্যে সেঞ্চুরি করেই থামেন তিনি। শেষ ব্যাটসম্যান হিসেবে ওলি স্টোনের বলে ফেরার আগে খেলেন ১৪৮ বলে ১৪ চার ও ১ ছয়ে ১০৬ রানের নান্দনিক ইনিংস, যেই ইনিংসে ভর করে ২৮৬ রানে অলআউট হয় ভারত। বড় লক্ষ্যের চাপটা শুরুতে পেয়ে বসে ইংলিশদের। ৫০ রানেই হারিয়ে ফেলে ৩ উইকেট। তবু ড্যান লরেন্সের (১৯) সঙ্গে ইনফর্ম ব্যাটসম্যান রুট (২) টিকে থাকায় রূপকথা লেখার স্বপ্ন দেখতে ক্ষতি কীসে!
সংক্ষিপ্ত স্কোর :ভারত :৩২৯ ও ২৮৬
ইংল্যান্ড :১৩৪ ও (লক্ষ্য ৪৮২) ৫৩/৩ (বার্নস ২৫, সিবলি ৩, লরেন্স ১৯*, লিচ ০, রুট ২*; প্যাটেল ১৫-২, অশ্বিন ২৮-১)
