চ্যাম্পিয়নস লিগ
স্পোর্টস ডেস্ক
দুই মাসের দীর্ঘ বিরতি শেষে আজ ফের মাঠে গড়াচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর চ্যাম্পিয়নস লিগ। রাউন্ড অব সিক্সটিনের দুটি ম্যাচে বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে বার্সেলোনা-পিএসজি ও লাইপজিগ-লিভারপুল।
তবে আজ রাতে ফুটবল ভক্তদের মধ্যে সবচেয়ে বড় আগ্রহটা থাকবে বার্সেলোনা-পিএসজি ম্যাচকে ঘিরে। সেটা নেইমার ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ফরোয়ার্ড থাকছেন না ঠিকই তবে ম্যাচের উত্তাপ কমছে না এতটুকুও। দুই দলের মধ্যকার রোমাঞ্চকর শেষ ম্যাচটি যে তারই আভাস দিচ্ছে।
চার বছর আগে ন্যু ক্যাম্পে এই রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে ৬-১ (দুই লেগ মিলিয়ে ৬-৫) গোলের অবিশ্বাস্য জয়ে কোয়ার্টার নিশ্চিত করেছিল বার্সা। সেবার পিএসজির চোখে ভিলেন ছিলেন নেইমার। এবার তাকে দিয়েই প্রতিশোধ নেওয়ার ছক কষেছিল ফরাসি চ্যাম্পিয়নরা। কিন্তু সেই ইনজুরি নামক হতাশা আবারও জেকে বসে।
তবু ম্যাচে প্রতিশোধের যে আবহ থাকবে সেটা ঠিকই টের পেয়েছেন বার্সা ফরোয়ার্ড ওসমান ডেম্বেলে। তিনি বলেন, ‘প্রতিশোধের একটা বাতাবরণ তো থাকবেই । যদিও দলের ভেতর এ নিয়ে কথা বলিনি। কারণ, আমরা জানি কঠিন একটা ম্যাচ হবে এটি। পিএসজি আসরের বর্তমান রানার্সআপ এবং এবারও শিরোপা জেতার অন্যতম দাবিদার তারা।’
লা লিগায় দুর্দান্ত ফর্মে আছে বার্সেলোনা, উড়ন্ত ফর্মে আছেন অধিনায়ক লিওনেল মেসিও। তার পরও ন্যু ক্যাম্পে ইতিবাচক কিছুর আশা দেখছেন পিএসজি কোচ মউরিসিও পচেত্তিনো। তিনি বলেন, ‘বার্সার ওপর কীভাবে আক্রমণ করা যায় এবং কীভাবে আটকানো যায় এ নিয়ে আমাদের পরিষ্কার ধারণা দরকার। তবে আমরা সবসময় বিশ্বাস করি খেলোয়াড়রা সম্ভাব্য সেরাটা দিয়েই খেলবে এবং ইতিবাচক ফল নিয়ে আসবে।’
ওদিকে লিগে খুব একটা স্বস্তিতে নেই ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল। সবশেষ টানা তিন ম্যাচে হারের গ্লানি নিয়ে প্রথমবারের মতো আজ জার্মান ক্লাব লাইপজিগের মুখোমুখি হবে তারা। করোনার কারণে ম্যাচটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু পুসকাস অ্যারেনায়। দেখা যাক সেখানে অলরেডদের ভাগ্যের চাকা ঘুরে কি না।
