লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ছাড়া অন্য প্রার্থীদের পোস্টার রাতারাতি উধাও হয়েছে। তাদের ঝোলানো সব পোস্টার ছিঁড়ে ও পুড়িয়ে ফেলা হয়েছে। প্রচারণায় বাধাও দেওয়া হচ্ছে। কেবল বিএনপিই নয়, স্বতন্ত্র মেয়র পদপ্রার্থীদেরও একই অভিযোগ। এমনকি স্বতন্ত্র প্রার্থীদের কর্মীরা এলাকায় ভোট চাইতেও ভয় পাচ্ছেন। আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর কর্মী-সমর্থকদের দাপটে তারা কোণঠাসা। এ অভিযোগ করেছেন বাকি সব প্রার্থীই।
এই পৌরসভায় মেয়র পদে ছয় জন প্রার্থী রয়েছেন। তারা হলেন—আওয়ামী লীগের গিয়াস উদ্দিন রুবেল ভাট, বিএনপির এ বি এম জিলানী, ইসলামী আন্দোলনের আবদুল খালেক এবং স্বতন্ত্র অধ্যাপক মনিরুল ইসলাম, মাসুদ উদ্দিন ও নাছির উদ্দিন সগির। এ পৌরসভায় ২৮ ফেব্রুয়ারি ভোট হবে।
গতকাল সোমবার দুপুরে বিএনপির প্রার্থী এ বি এম জিলানী তার ব্যক্তিগত কার্যালয়ে বসে এ অভিযোগ করেন। তিনি বলেন, গত দুই রাতে পৌরসভার বিভিন্ন স্থানে ঝোলানো পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি মৌখিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের কর্মকর্তাদের জানিয়েছেন।
