হ্যারি-মেগানের কোলে আসছে দ্বিতীয় সন্তান

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫২

নতুন সদস্য আসছে ব্রিটেনের প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারির পরিবারে। মা হতে চলেছেন ডাচেস অফ সাসেক্স মেগান। ২০১৯ সালের ৬ মে প্রথম মা হন মেগান। তাদের ছেলে আর্চির বয়স এখন ১৯ মাস। নতুন সন্তান হবে ব্রিটেনের রাজপরিবারের অষ্টম উত্তরাধিকারী। খবর ডয়চেভেলে ও ডেইলি মেইলের

হ্যারি ও মেগানের একজন মুখপাত্র রবিবার জানিয়েছেন, খুব শিগিগরই আর্চির ভাই বা বোন হতে চলেছে। মা হচ্ছেন ৩৯ বছর বয়সি মেগান। বিশ্ব ভালোবাসা দিবসে হ্যারি এবং মেগান তাদের একটি ছবিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে মেগান হ্যারির কোলে শুয়ে আছেন এবং তিনি অন্তঃসত্ত্বা। কয়েক মাস আগে মেগান নিউ ইয়র্ক টাইমসে লেখা এক নিবন্ধে জানিয়েছিলেন, গর্ভপাত ঘটায় তার দ্বিতীয় সন্তানকে হারিয়েছেন। নতুন সন্তান মার্কিন নাগরিক হতে যাচ্ছেন। কারণ তারা এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বাস করছেন।

২০১৮ সালে প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ে হয় মেগানের। নিজের চেয়ে তিন বছরের বড় মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলকে বিয়ের পর থেকে প্রিন্স হ্যারিকে নিয়ে আলোচনা ভিন্ন রূপ নেয়। কিছু দিন রাজপ্রাসাদে থাকার পর হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটনের সঙ্গে দ্বন্দ্বের খবর ছড়ায়।ছোট ভাই হ্যারির স্ত্রী মেগানের প্রতি উইলিয়াম ও কেটের অবজ্ঞামূলক আচরণের কথা প্রকাশ পায়। তার পর হঠাত্ রাজপরিবারের সিনিয়র রয়্যালের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন হ্যারি-মেগান। তবে তারা রানির প্রতি দায়িত্ব পালন করে যাবেন বলে ঘোষণা দেন। কিন্তু রাজপরিবারের নিয়ম অনুযায়ী, এটি সম্ভব না হওয়ায় রানি তাদের সঙ্গে বৈঠক করেন। ফলে রাজপরিবার ছেড়ে আমেরিকায় আবাস গড়েন হ্যারি-মেগান।