আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৯৯৬-এর ১৫ ফেব্রুয়ারি ভোট ডাকাতির নির্বাচন করে বিএনপি এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে। গতকাল সোমবার সকালে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে রাসেল স্কয়ারে ‘১৯৯৬-এর ১৫ ফেব্রুয়ারি বিএনপির প্রহসনের জাতীয় নির্বাচনের’ প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ১৯৯৬ সালের এই দিনে ভোটারবিহীন নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন প্রহসন। সেই প্রহসনের নির্বাচন দেশের নির্বাচনি ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে। রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করার পর থেকেই সমস্ত নির্বাচনি প্রতিশ্রুতি ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় জনগণের কাছে দেওয়া ওয়াদা ভঙ্গ করতে শুরু করেছিল। শত শহিদের রক্তের অক্ষরে লেখা তিন জোটের রূপরেখা বাস্তবায়নে কোনো পদক্ষেপ না নিয়ে বিএনপি শহিদের রক্তের সঙ্গে বেঈমানি করে।
সেতুমন্ত্রী বলেন, দেশ বিরোধী প্রচারণায় লিপ্ত হয়েছে বিএনপি। দেশ-বিরোধী বা মুক্তিযুদ্ধ-বিরোধী কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তিনি বলেন, সরকারের বিরোধিতার নামে অনবরত মিথ্যাচার করছে বিএনপি। বিএনপি ১৯৯৬ সালে প্রহসনের নির্বাচন করেছিল। কোনো অপকর্মকারীর ঠাঁই আওয়ামী লীগে হবে না। দল করতে হলে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। বিএনপি দিনের আলোতে রাতের আঁধার দেখতে পায়।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
