ভাণ্ডারিয়ার জেপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৪

পিরোজপুরের মঠবাড়িয়ায় সম্প্রতি সরকারদলীয় নেতাকর্মীদের নিজেদের মধ্যে নানা ধরনের অশান্তিপূর্ণ ঘটনায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়। অভিযোগ উঠেছে, সেই মামলায় স্থানীয় স্বাধীনতাবিরোধী একটি মহলের ইন্ধনে ১৪ দলীয় জোট সরকারের শরিক দল জাতীয় পার্টি-জেপির অঙ্গসংগঠনের পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া উপজেলার বিভিন্ন নেতাকর্মীকে ঐ মামলায় আসামি করা হয়। সেই মিথ্যা মামলা থেকে তাদের অতি দ্রুত অব্যাহতি প্রদানসহ শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার দাবিতে ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি-জেপির অঙ্গসংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্যোগে গতকাল সোমবার এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে ভাণ্ডারিয়া-মঠাবাড়িয়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কের দুই পাশে প্রায় এক কিলোমিটার সড়কে সারিতে দাঁড়িয়ে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী ঐ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে স্থানীয় ওভারব্রিজ-সংলগ্ন সড়কে আয়োজিত সমাবেশে ঢাকা থেকে ভার্চুয়াল পদ্ধতিতে বক্তব্য রাখেন উপজেলা জেপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং ভাণ্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম। সমাবেশে আরো বক্তব্য রাখেন জেপির উপজেলা যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্যসচিব এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, যুব সংহতির উপজেলা সদস্যসচিব মামুনুর রশিদ সরদার, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক মো. সালাহ্ উদ্দিন রাহাত জোমাদ্দার, সদস্যসচিব মো. জহির উদ্দিন অন্তু সরদার প্রমুখ।

জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ও ইকড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তানভির হোসেন বাবু তালুকদার, যুগ্ম আহ্বায়ক মো. হায়দার আলী হাওলাদার, পৌর জেপির আহ্বায়ক মো. জামাল উদ্দিন মিয়া স্বপন, সদস্যসচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা মহিলা নেত্রীদের মধ্যে সাবিনা ইয়াসমিন খান, নারগিস আক্তারসহ দল ও অঙ্গসংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ সমাবেশে উপস্থিত ছিল।

সমাবেশে বক্তারা বলেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নিজেদের অসত্ উদ্দেশ্য হাসিলের জন্য দেশের স্বাধীনতাবিরোধী একটি প্রভাবশালী মহল নিজেদের আড়ালে রেখে অন্য একটি উপজেলার মামলায় আমাদের নেতাকর্মীদের ষড়যন্ত্রমূলকভাবে আসামি করে হয়রানি করছে। আনোয়ার হোসেন মঞ্জুর এই নির্বাচনি এলাকায় ভিন্ন ভিন্ন দল-মতের লোক শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। তা নষ্ট করবেন না। অবিলম্বে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করুন। তা না হলে কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হব।’