রাঙ্গাবালীতে বিএনপি ও যুবদলের কমিটি-বাণিজ্যের অডিও ক্লিপ ভাইরাল

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৫

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনকে জড়িয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপি ও যুবদলের কমিটি বাণিজ্যের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এনিয়ে তোলপাড় চলছে। তবে দলীয় নেতাদের দাবি, ষড়যন্ত্রমূলক এ বি এম মোশাররফকে হেয়প্রতিপন্ন  করতে অপপ্রচার ছড়ানো হচ্ছে। সোমবার সকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এর প্রতিবাদে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাজাদুল ইসলাম শামীম বলেন, ভাইরাল অডিওর একপ্রান্তে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য কবির হোসেন তালুকদার এবং অপরপ্রান্তে পটুয়াখালী জেলা যুবদল সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবিরের  কথোপকথনের একপর্যায়ে নবগঠিত উপজেলা বিএনপি ও যুবদলের কমিটি প্রসঙ্গে আর্থিক লেনদেনের মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন ও আপত্তিকর তথ্য উপস্থাপন করা হয়। সেখানে কেন্দ্রীয় নেতা এ বি এম মোশাররফ হোসেনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। তিনি আরো বলেন, নতুন কমিটিতে কবির হোসেন তালুকদার কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় কাল্পনিক ও ভিত্তিহীন অর্থনৈতিক লেনদেনের তথ্য উল্লেখ করেন। তিনি দলের শৃঙ্খলা পরিপন্থি কাজ করায় নেতাকর্মীরাও বিব্রত। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহমান ফরাজী, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, সদস্য মাহবুব হোসেন তালুকদার, আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক অরুন মীর,  যুগ্ম আহ্বায়ক নিয়াজ আকন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহান মাহমুদ সোহাগ প্রমুখ।