দিরাইয়ের দুই পক্ষের গোলাগুলিতে চার জন গুলিবিদ্ধসহ আহত ১৫

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৬

দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় উভয়পক্ষের চার জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় গ্রামের আরজু খান ও ফিরোজ মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ফিরোজ মিয়ার পক্ষের গুলিবিদ্ধরা হলেন—তহুদ ইসলাম (১৮), আব্দুল হক (৪২) ও নাহিদ (২০)। অন্যদিকে আরজু খানের পক্ষের এহিয়া খান (৬৫) গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের আরজু খান ও ফিরোজ মিয়ার লোকজনের মধ্যে একাধিকবার গোলাগুলি, অগ্নিসংযোগসহ সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। দিরাই থানায় উভয় পক্ষের বিরুদ্ধে ডজনখানেক মামলা রয়েছে। গত রবিবার স্থানীয় নগদীপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে আরজু খানের পক্ষের নজরুল খানকে (৪৫) রাস্তায় প্রতিপক্ষের লোকজন হামলা করে পা ভেঙে দেয়। ঐ ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন গ্রামের মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, উভয়পক্ষের চার-পাঁচ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।