বিদেশফেরত অভিবাসীদের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সংরক্ষণে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় ‘রিটার্নিং মাইগ্রেন্টস ম্যানেজমেন্ট অব ইনফরমেশন সিস্টেম (রেমিমিস)’ নামক একটি ডিজিটাল প্ল্যাটফরম উদ্বোধন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। গতকাল সোমবার বিএমইটি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাটফরমটি উদ্বোধন করেন মন্ত্রী ইমরান আহমদ। উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুস সালেহীন, বিএমইটির মহাপরিচালক মো. শামসুল আলম, বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত র্যানচা টিয়ারিঙ্ক ও আইওএম বাংলাদেশ মিশন প্রধান গিওরগি গিগাওরি।
অনুষ্ঠানে বলা হয়, এই প্ল্যাটফরমটি অভিবাসন তথ্য ব্যবস্থাপনা ও সহায়তা কার্যক্রমকে শক্তিশালী ও উন্নত করতে ভূমিকা রাখবে। একই সঙ্গে অংশীদারগণ সহজেই বিদেশফেরত প্রবাসীদের দক্ষতা সংক্রান্ত তথ্য পাবেন এবং চাহিদা অনুসারে কমিউনিটি বা বিভিন্ন খাতে প্রবাসীদের দক্ষতা ছড়িয়ে দিতে পারবেন। এ সব তথ্য উপাত্ত একদিকে যেমন বিদেশফেরত প্রবাসীদের বিপদাপন্নতা এবং চাহিদা বুঝতে নীতিনির্ধারকদের সহায়তা করবে, অন্যদিকে সুরক্ষা কার্যক্রম তৈরিতে সহায়তা করবে। রেমিমিস প্ল্যাটফরমের তত্ত্বাবধানে থাকবে বিএমইটি। এই ডিজিটাল সিস্টেমে প্রবাসীদের তথ্য নথিভুক্ত করতে বিএমইটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি (ডেমো) অফিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
