সৌদি আরবে বাংলাদেশি গৃহকর্মী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৫

সৌদি আরবে বাংলাদেশি গৃহকর্মী মোসাম্মাত্ আবিরন বেগম হত্যা মামলার প্রধান আসামি সৌদি নাগরিক গৃহকর্ত্রী আয়েশা আল জিজানিকে কিসাস (জানের বদলে জান)-এর রায় প্রদান করেছে আদালত। রিয়াদের ক্রিমিনাল কোর্টের আদালত গতকাল এ রায় ঘোষণা করে। আদালত রায়ে প্রধান আসামি গৃহকর্ত্রী আয়েশা আল জিজানির বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড সংঘটিত করার কারণে কিসাস (জানের বদলে জান)-এর রায় দেয়।

আদালত তার রায়ে গৃহকর্তা বাসেম সালেমের বিরুদ্ধে আলামত ধ্বংসের অভিযোগ, আবিরন বেগমকে নিজ বাসার বাইরে বিভিন্ন জায়গায় কাজে পাঠানো এবং চিকিত্সার ব্যবস্থা না করায় পৃথক পৃথক অভিযোগে মোট তিন বছর দুই মাস কারাদণ্ডের আদেশ প্রদান এবং ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করে। আদালত অপর আসামি সৌদি দম্পতির কিশোর পুত্র ওয়ালিদ বাসেম সালেমের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে হত্যাকাণ্ডে সহযোগিতা করার প্রমাণ পায়নি বলে জানায়। তবে আবিরন বেগমকে বিভিন্নভাবে অসহযোগিতা করায় তাকে সাত মাসের কিশোর সংশোধনাগারে থাকার আদেশ প্রদান করে। রায়ের বিরুদ্ধে আগামী ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে বলে আদালত জানায়।

ইতিপূর্বে আবিরনের মৃত্যুতে আদালত দুঃখ প্রকাশ করে। হত্যার প্রকৃত কারণ উদ্?ঘাটন করে সৌদি শরিয়া আইন অনুযায়ী যথাযথভাবে বিচার কার্যক্রম সম্পন্ন হবে বলেও আদালত উল্লেখ করেছিল। উল্লেখ্য, ২০১৯ সালের ২৪ মার্চ রিয়াদের আজিজিয়ায় আবিরন বেগম সৌদি গৃহকর্ত্রীর নির্যাতনে মারা যান, যা পরে হত্যাকাণ্ড বলে হাসপাতালের ফরেনসিক রিপোর্টে প্রকাশ পায়।

গতকাল রিয়াদের ক্রিমিনাল কোর্টের ৬ নম্বর আদালতে আবিরন বেগমের মামলা পরিচালনার জন্য দূতাবাসের শ্রম উইংয়ের প্রথম সচিব মো. সফিকুল ইসলাম ও আইন সহায়তাকারী সোহেল আহমেদ উপস্থিত ছিলেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) আবিরন বেগম হত্যা মামলার রায় ঘোষণার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার জন্য সৌদি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রবাসী কর্মীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সরকার, বিশেষ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সব সহযোগিতা প্রদান করার কথা জনিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।