স্বাস্থ্য ঝুঁকিতে থাকা মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সাকিবের

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৫

জলবায়ু ও স্বাস্থ্য ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন সাকিব আল হাসান। ফ্রেন্ডশিপের ‘ফ্রেন্ডস এন্ড হিরো’ ক্যাম্পেইনে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। 

সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আত্মমর্যাদা ও আশা জাগিয়ে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা, এ ক্যাম্পেইনের উদ্দেশ্য। কোভিড-১৯ বা করোনা মহামারী, সাইক্লোন আম্পান, উপকূলীয় জলোচ্ছ্বাস এবং কয়েক মাসের বন্যায় বিপর্যস্ত প্রান্তিক মানুষের জীবন। জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য ঝুঁকির মুখে থাকা বাংলাদেশের প্রান্তিক এসব মানুষকে স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ফ্রেন্ডশিপ।

‘ফ্রেন্ডস এন্ড হিরো’ ক্যাম্পেইন অনুষ্ঠানে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান বলেন, ‘সুবিধা বঞ্চিত এসব প্রান্তিক গোষ্ঠী এবং তাদের ভাগ্যোন্নয়ন নিয়ে কাজ করছে ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপের মাঠ পর্যায়ের কর্মীরা মহামারী করোনাকে ভয় না করে দুর্দিনের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এমন বীরদের সাথে থাকতে পেরে আমি গর্বিত’। 

ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রুনা খান বলেন, ‘কঠিন দিনে সামাজিক কাজ করতে গিয়ে বেসরকারি সংস্থার গুরুত্ব বেশি অনুভব করি। ফ্রেন্ডশিপের মূল লক্ষ্য হচ্ছে- জীবন বাঁচানো, জলবায়ু অভিযোজন, দারিদ্র বিমোচন এবং প্রান্তিক মানুষের ক্ষমতায়ন। আমরা সমান সুযোগ-সুবিধা নিশ্চিতের মাধ্যমে মানুষকে আত্মমর্যাদা ও আশা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।’

ইত্তেফাক/এসআই