পঞ্চম শ্রেণির বাংলা প্রস্তুতি

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৭

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই দেশ এই মানুষ

 

(ক) বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে?

উত্তর : বাংলাদেশ একটি বৈচিত্র্যময় দেশ। এ দেশের বেশিরভাগ মানুষ বাঙালি। তবে বাংলাদেশে বাঙালি ছাড়াও বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন বাস করে। যেমন চাকমা, মারমা, তঞ্চঙ্গা, প্রভৃতি জনগোষ্ঠী বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বসবাস করে। তাছাড়া রাজশাহী ও জামালপুরে সাঁওতাল ও রাজবংশীরা বসবাস করে। এসব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে।

(খ) বাংলাদেশের বিভিন্ন ধর্মের উত্সবগুলোর নাম কী?

উত্তর : বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। তাদের মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান অন্যতম। এসব ধর্মানুসারীর প্রত্যেকের আলাদা আলাদা উত্সব রয়েছে। মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উত্সব হলো ঈদ-উল ফিতর ও ঈদ-উল আযহা। হিন্দুদের দুর্গাপূজা, কালীপূজাসহ আছে নানা উত্সব ও পার্বণ। বৌদ্ধদের ধর্মীয় উত্সব বৌদ্ধ পূর্ণিমা। খ্রিষ্টানদের আছে ইস্টার সানডে আর বড় দিন। এসব ধর্মীয় উত্সব নিজ নিজ সম্প্রদায়ের মানুষেরা স্বাধীনভাবে এদেশে পালন করে।

(গ) বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ কী কী?

উত্তর : বাংলাদেশের জনজীবনে রয়েছে নানা বৈচিত্র্য। একই দেশ, একই মানুষ হওয়া সত্তেও বাংলাদেশের জনজীবন প্রকৃতি, ভাষা, পেশা, ধর্ম পোশাক-পরিচ্ছেদ নানা দিক থেকে বৈচিত্র্যপূর্ণ। এখানে বাঙালি ছাড়াও বাস করে অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তার মানুষ। তারা নিজ নিজ ভাষায় কথা বলে। এদেশে রয়েছে নানা পেশার মানুষ। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস-আদালতে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানসহ নানা ধর্মের মানুষ বাস করে এদেশে। প্রত্যেকের ধর্মীয় উত্সবগুলোতে রয়েছে ভিন্নতা।