তারিফ সৈয়দ
নায়িকারা কতবার ফেরেন? এটিও একটি রহস্যেমোড়া গবেষণালব্ধ প্রশ্ন। আমরা চিত্রনায়িকা মৌসুমীর অবসরের খবর পেয়েছি গণমাধ্যমেই। তিনিও ফিরেছেন। মিশা সওদাগর মোট ৪ বার অবসরের কথা বলেছেন খুব স্পষ্টভাবে। তিনিও বারবার ফিরেছেন। ফিরেছেন পূর্ণিমাসহ অনেকেই। অভিনয়ের জন্য চাতক থাকা একজন শিল্পী তো বারবারই ফিরতে চাইবেন! এটাই স্বাভাবিক।
তবে এসব ফেরার গল্পের সঙ্গে বুবলীর ফেরাটা ঠিক এক রকম নয়। ‘শাকিব-বুবলী’ এই দ্বৈত শব্দেই আটকে ছিল ইন্ডাস্ট্রি। ছবি সফলতার গল্পেও ছিলেন তারা দু’জন। অথচ হঠাত্ কী এক অজানা কারণেই এই জুটি ভেঙে গেল! গণমাধ্যমের সামনেও শাকিব-বুবলী দু’জনই মুখে কুঁলুপ আঁটলেন। বুবলী উধাও হলেন প্রায় ১ বছরের জন্য। অবাক করার মতো হঠাত্ কোনো এক নতুন ফটোশুটে নতুন লুকে এসে বললেন তিনি বিদেশে অভিনয় নিয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন। বিদেশে পড়াশোনা তো কোনো গোপন বিষয় নয়। সেও উচ্চতর ডিগ্রি। তবে কেন জানালেন না। গোপন রাখলেন। জবাব নেই। জবাব একটাই ‘ব্যক্তিগত ইচ্ছে’।
যাই হোক, বুবলী অতঃপর আবারো ফিরলেন! এবার ফিরলেন চলচ্চিত্র দিয়ে। রোশান আর নিরবের সঙ্গে চলচ্চিত্র। অন্যদিকে নিরবের সঙ্গে আরো একটি চলচ্চিত্রের খবরে সয়লাব ছিল গণমাধ্যম মাস কয়েক আগেও। ছবির নাম ছিল ‘ক্যাসিনো’। কিন্তু সেটি এখনো মুক্তির মুখ দেখেনি! তাই শাকিববিহীন বুবলীকে অন্য হিরোদের বিপরীতে বারবার ফিরতে দেখছি আমরা। একজন সফল নায়িকা ইন্ডাস্ট্রিতে ফিরবেন—এটা অবশ্যই আশার খবর।
যদিও তারকাদের ক্যারিয়ারের ফলাফল থাকে মূলত দর্শকদের হাতে। এখন দেখা যাক, সেই সাফল্যের ফেরাটা কেমন হয়? সেখানেই হয়তো আত্মবিশ্বাসী বুবলী। কারণ তার প্রযোজক শাপলা মিডিয়া এরই ভেতরে ১০০ ছবি নির্মাণের ঘোষণা দিয়েছে। এদিকে ডিপজল নিজে অভিনয়সহ বছরে ৬টি ছবি প্রযোজনা করবেন বলে জানিয়েছেন। নায়ক-প্রযোজক অনন্ত এক অনুষ্ঠানে বলেন, তার ছবি হলো এদেশের ১০০টি ছবির বাজেটের সমান।
এত এত সাফল্যের ঘোষণায় শাপলা মিডিয়ার সঙ্গে কাজ করছেন বুবলী। তাই একই জুটি ভেঙে ছবি পোস্টারে বৈচিত্র্য পাওয়া যাবে এটিই প্রত্যাশিত। অথচ এত এত সাফল্যের আগাম খবরের পরও আদৌ কী ২০২১ বাংলা চলচ্চিত্রের চলমান হাহাকারকে কাটাতে পারবে?
অন্যদিকে শুধু বুবলীই নন, বাংলাদেশের প্রত্যেক নায়ক-নায়িকার বছরে যে ক’টি ছবি সাইন ও শুটিংয়ের খবর আমরা ছাপি তার অর্ধেক কী মুক্তি পায়? হয়তো বুবলীর মতো সফল নায়িকাদের এভাবে বারবার ফেরার ঘটনায় ছবিপাড়ার চিত্র বদলাতেও পারে। সেই প্রত্যাশা করতে দোষ কী?
অন্যদিকে শাকিব খানের সঙ্গে বুবলীর মুখরোচক গুঞ্জন নিয়ে প্রশ্ন করলে তিনি হা বা না কিছুই বলেননি। শুধু বলেছেন সময় হলেই বলবেন। তাই বুবলীর সেই সময় ও চলচ্চিত্রের সুসময় দুটোরই অপেক্ষা করছে হয়তো ইন্ডাস্ট্রি। বুবলীর ফেরাকে অভিবাদন।
