বিনোদন রিপোর্ট
ছবির নাম ‘কানামাছি’। এ ছবি নিয়ে ঢাকার বাইরে বান্দরবান, রাঙামাটিতে টানা কয়েক সপ্তাহের শুটিংয়ে আছেন ইমন। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত কখনোই হাতে ছবিবিহীন থাকেননি তিনি। এর কারণ ইমনের ব্যক্তিগত ব্যবহার আর নিষ্ঠা। তাই অধিকাংশ প্রযোজক আর নির্মাতা তাকে ভীষণ পছন্দ করেন। দেখা গেল, কোনো এক কারণে সাংগঠনিক দূরত্ব তৈরি হয়েছে। অবাক করার মতো ব্যাপার হলো ইমন কিন্তু দুই পক্ষেই সমানভাবে যাতায়াত বা সম্পর্কটা বজায় রাখতে পেরেছেন। ইমন বলেন, ‘আমার তো কারো সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। আমি ভাই কাজ করতে এসেছি। কোনো পলিটিক্সের ভেতরে নেই।’ এদিকে অনন্ত জলিলের প্রযোজনা ও পরিচালনায় চিত্রনায়িকা বর্ষাকে কেন্দ্র করে ‘নেত্রী: দ্য লিডার’ নামে যে ছবিটি নির্মিত হতে যাচ্ছে সেখানে কাস্ট হয়েছেন ইমন। এর আগে ঢাকায় লকডাউন থাকাকালীনই ইমন আর অনন্ত’র ছবি সমেত ঘোষণা এসেছিল যে, তার পরবর্তী ছবিতে ইমন থাকবেন। সেই কথাটিই রাখলেন অনন্ত। নিজের কাজ প্রসঙ্গে ইমন বলেন, ‘গত কয়েক মাসে টানা ৪টি ছবির কাজ শেষ করলাম। সবকিছু ঠিক থাকলে এ বছর আমার নিয়মিত ছবি রিলিজ হবে আশা করছি। আসলে আমি দর্শকদের সঙ্গে কানেক্টেড থাকতে চাই। এটাই যেহেতু মূল পেশা, তাই শতভাগ শ্রম দিয়ে যাচ্ছি। আমার এই পরিশ্রম দর্শকরা ফেরাবে না। এটাই আমার বিশ্বাস।’ ইমন অভিনীত যে সকল ছবি আসছে তার তালিকায় রয়েছে ‘বিয়ে আমি করবো না’। এ ছবিতে ইমনের বিপরীতে আছে তানহা তাসনিয়া। ‘বীরত্ব’ ছবিতে ইমনের বিপরীতে সালওয়া এবং মাহিয়া মাহী রয়েছেন ‘ব্লাড’ ছবিতে।
