‘মীরাক্কেল’ খ্যাত কমেডিয়ান ইশতিয়াক নাসির। দেশের জনপ্রিয় এই কমেডিয়ান ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’ এর প্রতিযোগী হিসেবে শেষ পর্যন্ত লড়েছেন। সে সময় তার পারফর্মেন্সে মুগ্ধ হয়ে মেন্টর হিসেবে তাকে সিজন ৯-এ রেখেছিল মীরাক্কেল কর্তৃপক্ষ। নিজের কাজের যোগ্যতায় এবার তার ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অর্জন। ওটিটি প্লাটফর্ম ‘হৈচৈ’-এর সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় এই কমেডিয়ান। সম্প্রতি প্রতিষ্ঠানটি নির্মাণ করেছে ‘ট্রাম ডেপো’ নামের একটি অনুষ্ঠান। সেখানে প্রথম বাংলাদেশি কমেডিয়ান হিসেবে স্ট্যান্ডআপ কমেডি করতে দেখা যাবে ইশতিয়াক নাসিরকে। নিজের ক্যারিয়ারে এমন প্রাপ্তি প্রসঙ্গে নাসির বলেন, ‘বাংলাদেশ থেকে আমি ও আনোয়ারুল আলম সজল এবং কলকাতার ৪ জন কমেডিয়ান এই অনুষ্ঠানে পারফর্ম করেছি। ৩ জন করে দুই টিমে ভাগ হয়ে তিন পর্বের শুটিং করেছি প্রথম সিজনের জন্য। শিগগিরই এই পর্বগুলো প্রচারে আসবে। আমার দর্শকদের জন্য ভালো কিছু সময় উপহার দিতে যাচ্ছি।’
