ডব্লিউটিওর নতুন প্রধান
বিবিসি ও আলজাজিরা
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নবনিযুক্ত প্রধান নগোজি ওকোঞ্জো-আইওয়েলা বলেছেন, করোনা মহামারি মোকাবিলা করতে হলে দেশগুলোকে অবশ্যই ভ্যাকসিন নিয়ে সংরক্ষণবাদী মানসিকতা ত্যাগ করতে হবে। ধনী-গরিবনির্বিশেষে সব দেশের জন্য ভ্যাকসিন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি বিশ্বের বেশ কয়েকটি দেশকে নিজেদের সীমানায় উত্পাদিত ভ্যাকসিনের রপ্তানি বন্ধের প্রচেষ্টা চালাতে দেখা গেছে। নগোজি মনে করেন, ভ্যাকসিন নিয়ে এ ধরনের সংরক্ষণবাদী আচরণ বিশ্বকে করোনামুক্ত করার প্রচেষ্টায় বাধা তৈরি করবে। বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, ‘গরিব দেশগুলোকে অপেক্ষায় রেখে ধনী দেশগুলোর মানুষকে আগে ভ্যাকসিন দেওয়ার প্রবণতা পরিহার করতে হবে। মহামারির ধরনটা যেমন এবং যেভাবে ভাইরাসের নতুন নতুন ভ্যারিয়েন্ট দেখা যাচ্ছে, তাতে করে সব দেশে ভ্যাকসিন নিশ্চিত না করতে পারলে কোনো দেশই নিরাপদ হতে পারবে না।’
উল্লেখ্য, সম্প্রতি বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আফ্রিকান বংশোদ্ভূত নগোজি। তিনিই সংস্থাটির প্রথম নারী প্রধান।
