গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে চলছে পাঠ উত্সব। রবিবার বিকালে পক্ষকালব্যাপী এ পাঠ উত্সবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। শহরের জনরুল পাবলিক লাইব্রেরির শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। লাইব্রেরির সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমি বলেন, যান্ত্রিক যুগে এসে মানুষ পাঠবিমুখ হয়ে পড়েছে। তাই পাঠ অভ্যাস গড়ে তুলতে এ আয়োজন করেছি। উত্সবে ভালো সাড়া পড়েছে। প্রতিদিনই পাঠক বাড়ছে। এ উত্সব প্রতি বছরই করা হবে। গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইলিয়াসুর রহমান বলেন, প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি থেকে পক্ষকালব্যাপী পাঠ উত্সবের আয়োজন করা হবে। এ লাইব্রেরি থেকে পাঠক বই নিয়ে পড়তে পারবেন।
