বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছীতে ফসলি জমিতে পুকুর কেটে সমুদয় মাটি রাস্তার ওপর স্তূপ করে রাখায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। উপজেলার মথুরাপুর ইউপির গয়েশপুর নামক স্থানে এলজিইডির রাস্তার পশ্চিম পাশে ফসলি জমিতে পুকুর কেটে মাটির স্তূপ রাস্তার ওপর রাখা হয়েছে। মথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাদি চৌধুরী টিপু বলেন, এভাবে মাটি ফেলার কারণে চলাচল ঝুঁকিপূর্ণ হচ্ছে অন্যদিকে কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় ২০-২৫ বিঘা জমির ফসল থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। পুকুর মালিক জুলফিকার চৌধুরী রাঙ্গা বলেন, আমি পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা করে দেব যাতে ফসলের কোনো ক্ষতি না হয়। উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. মুকলেছুর রহমান বলেন, তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।
