সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়ায় ঘূর্ণিঝড় আম্ফানে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট খালে ট্রলারডুবিতে তিন শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকালে বেড়িবাঁধ মেরামতের কাজে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা ১২ জনের মধ্যে ৯ জনকে তাত্ক্ষণিক উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শ্রমিকরা হলেন—বাবুর আলী, শফিকুল ও আজিজ।
ট্রলারচালক নূর ইসলাম জানান, ১২ জন শ্রমিক নিয়ে খাল পার হওয়ার সময় স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়। এখনো তিন জন নিখোঁজ আছে। এছাড়া ট্রলারটি নদীতে পাতা জালে আটকা পড়ায় উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন বলেন, ভাঙন পয়েন্টে কাজ করার জন্য শ্রমিকরা ট্রলারে করে এক পাড় থেকে অন্য পাড়ে যাচ্ছিল। এ সময় খালের মাঝামাঝি পৌঁছলে কপোতাক্ষ নদের প্রবল স্রোতের টানে হঠাত্ ডুবে যায়। তারা ও সেনাবাহিনী নিখোঁজ শ্রমকিদের উদ্ধারে কাজ করছে। এছাড়া স্থানীয়রা ট্রলারে করে নিখোঁজ শ্রমিকদের উদ্ধার তত্পরতা অব্যাহত রেখেছে।
