স্পোর্টস ডেস্ক
রূপকথা? না সেটা তো অবিশ্বাস্য কিছু ঘটনার মিশেলে গড়ে। রাশিয়ান টেনিস তারকা আসলান কারাটজেভ যা করলেন তা অবিশ্বাস্যের বাধা ডিঙিয়ে এখন পুরোপুরি এক বাস্তবে পরিণত। ওপেন যুগে প্রথম খেলোয়াড় হিসেবে নিজের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে সেমিফাইনালে খেলার ইতিহাস গড়েছেন র্যাংকিংয়ে ১১৪ নম্বরধারী এই খেলোয়াড়। সবমিলিয়ে এমন নজির এর আগেও চারবার দেখেছে টেনিস বিশ্ব।
আসলান অবশ্য নিজের কীর্তিকে অবিশ্বাস্য মনে করছেন। কিন্তু যখন প্রতিপক্ষ গ্রিগর দিমিত্রভই অবাক হন না, তখন আমি বা আপনি অবাক হওয়ার প্রশ্নই আসে না। ইনজুরির নিয়ে সামর্থ্যের সবটুকু দিয়েও পারেননি। গতকাল কোয়ার্টার ফাইনালে ৬-২, ৪-৬, ১-৬, ২-৬ গেমে হারের পর আসলানকে নিয়ে এই বুলগেরিয়ান বলেন, ‘এমনটা দেখতে পেরে অসাধারণ লাগছে। তাকেও মানতে হবে সে একজন অসাধারণ খেলোয়াড়। অবাক? অবশ্যই না।’ শুধু গ্র্যান্ডস্লামে খেলার জন্য সাত বছর অপেক্ষা করতে হয়েছে ২৭ বছর বয়সি আসলানকে। বাছাইপর্ব থেকে হতাশ হয়ে ফেরাটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল তার। তবে অপেক্ষার ফল যে কতটা সুস্বাদু সেটা টের পেয়েছেন তিনি, ‘এটা অবিশ্বাস্য এক অনুভূতি। প্রথমবার মূল পর্বে খেলে সেমিফাইনালে পৌঁছানো আসলেই অবিশ্বাস্য। শুরুতে স্নায়ু ধরে রাখা কঠিন ছিল আমার জন্য। তারপর খেলার উপায় বের করার চেষ্টা করেছি।’
আগামীকাল সেমিফাইনালে আসলানের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। গতকাল শেষ আটের খেলায় জার্মানির আলেক্সান্ডার জভেরভকে ৬-৭, ৬-২, ৬-৪, ৭-৬ (৮-৬) গেমে হারান এই সার্বিয়ান তারকা। এদিকে নারী এককের দ্বিতীয় বাছাই সিমোনা হালেপকে ৬-৩, ৬-৩ গেমে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন ২৪তম গ্র্যান্ডস্লাম জয়ের খোঁজে থাকা সেরেনা উইলিয়ামস। ফাইনালে উঠার জন্য তার শেষ বাধা জাপানের নাওমি ওসাকা।
