রোড সেইফটি ওয়ার্ল্ড সিরিজ
স্পোর্টস রিপোর্টার
ভারতে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা এবং মানুষকে সচেতন করার লক্ষ্য নিয়ে সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে রোড সেইফটি ওয়ার্ল্ড সিরিজ টি-২০ টুর্নামেন্ট আয়োজন করছে মহারাষ্ট্রের নিরাপদ সড়ক বিভাগ। যার শুভেচ্ছা দূত শচীন টেন্ডুলকার।
এ টুর্নামেন্টে ‘বাংলাদেশ লেজেন্ডস’ নামে খেলবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। গতকাল তথ্যটি নিশ্চিত করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। জানতে চাইলে তিনি বলেছেন, ‘হ্যাঁ, আমরা যাচ্ছি। আগামী ২৭ ফেব্রুয়ারি যাব। আমি, রফিক, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ শরীফ, রাজিন সালেহ, খালেদ মাসুদ পাইলটসহ আরো অনেকে আছে। হাবিবুল বাশার সুমন যাওয়ার কথা ছিল, ও যাচ্ছে না নিউজিল্যান্ড যাবে। রাজ্জাক বোর্ডের অনুমতি পেলে যাবে।’
গতকালই আয়োজকরা বাংলাদেশ লেজেন্ডসের অংশগ্রহণের বিষয়টি ঘোষণা করেছে। মুম্বাইয়ে গতবছর করোনার কারণে টুর্নামেন্ট প্রথম আসর স্থগিত হয়েছিল চার ম্যাচ পরই। বাকি ম্যাচগুলোই রায়পুরে আগামী ২ থেকে ২১ মার্চ অনুষ্ঠিত হবে। করোনায় ভ্রমণবিষয়ক জটিলতার কারণে অস্ট্রেলিয়া লেজেন্ডস অংশ নিচ্ছে না। নাম প্রত্যাহার করে নিয়েছে তারা। তাদের জায়গায় খেলবে বাংলাদেশ লেজেন্ডস। টুর্নামেন্টের ষষ্ঠ দল হিসেবে যুক্ত হয়েছে ইংল্যান্ড লেজেন্ডস। স্বাগতিক ভারত ছাড়া বাকি দলগুলো হচ্ছে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস।
