ইয়ো ইয়ো টেস্ট দিলেন ৬০ ক্রিকেটার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৬

স্পোর্টস রিপোর্টার

ফিটনেসের অবস্থা পরিমাপে এতদিন বিপ টেস্টই দিতেন বাংলাদেশের ক্রিকেটাররা। গতকাল থেকে ইয়ো ইয়ো টেস্টের যুগে পা রাখল বাংলাদেশ ক্রিকেট। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) জন্য গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ৬০ ক্রিকেটার ফিটনেস টেস্ট দিয়েছেন।

বিসিবি সূত্রে জানা গেছে, ইয়ো ইয়ো টেস্টে এদিন ১৯.৫ স্কোরও তুলেছেন ক্রিকেটাররা। গতকাল ঢাকা মেট্রো, রাজশাহী, রংপুর বিভাগের ক্রিকেটাররা অংশ নিয়েছেন। আজ ঢাকা, বরিশাল, খুলনা বিভাগের ক্রিকেটাররা ফিটনেস টেস্ট দেবেন। আগামীকাল সিলেট-চট্টগ্রাম বিভাগের সঙ্গে বাকি থাকা ক্রিকেটারদের অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হবে ফিটনেস টেস্ট। এবার রাখা হয়নি কোনো বেঞ্চমার্ক। স্কোরে উন্নতি আনতে ক্রিকেটারদের সময় দেওয়া হবে। টুর্নামেন্টের আগে টেস্টের ফলাফলের ওপর ভিত্তি করেই খেলার অনুমতি পাবেন সবাই।