সীমিত পরিসরে সরস্বতীপূজা উদ্যাপন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৬

ইত্তেফাক রিপোর্ট

হিন্দুদের অন্যতম ধর্মীয় উত্সব সরস্বতীপূজা উদ্যাপিত হয়েছে গতকাল। হিন্দু ধর্মমতে, সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী। জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছরের মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন। বিদ্যার দেবী হওয়ায় হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরস্বতীরপূজা হয়। কিন্তু করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রায় এক বছর ধরে বন্ধ থাকায় সীমিত পরিসরে গতকাল রাজধানীসহ সারা দেশে সরস্বতীপূজা উদ্যাপিত হয়েছে। হিন্দু সম্প্রদায় তাদের দেবীর চরণে পুষ্পাঞ্জলি, বাণী অর্চনা, প্রসাদ বিতরণ, শিশুদের হাতেখড়িসহ নানা আয়োজনে উদ্যাপন করে এই পূজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এবার সীমিত পরিসরে পূজার আয়োজন করা হয়। ফলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ছিল ভক্তদের ভিড়। এছাড়া রাজধানীর বিভিন্ন মন্দিরে এবার স্বাস্থ্যবিধি মেনে সরস্বতীপূজা উদ্যাপিত হয়েছে। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিহির লাল সাহা বলেন, করোনার কারণে আমাদের সীমিত পরিসরে আয়োজন করতে হয়েছে। শিক্ষার্থীরা না থাকায় আমাদের হলের মাঠের আয়োজন ও পুকুরে চারুকলার শিক্ষার্থীদের আয়োজন কোনোটাই সম্ভব হয়নি। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় হলের আবাসিক শিক্ষক ও অতিথিরা উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পূজামণ্ডপ পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সরস্বতী পূজা উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।