প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল প্রকার ষড়যন্ত্র থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যখনই দেশ এগিয়ে যেতে থাকে, মানুষ ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে, জীবন-মান একটু উন্নত হয় তখনই একটা আঘাত আসার আশঙ্কা থাকে। তেমন কোনো আঘাত আসলে তা মোকাবিলার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। গতকাল মঙ্গলবার সকালে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিলের মোড়ক উন্মোচন উপলক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর সভার প্রারম্ভিক বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী গণভবন থেকে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে ভিডিও কনফারেন্সের সাহায্যে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী সকলের সহযোগিতায় তার সরকারের করোনা মোকাবিলার সাফল্য তুলে ধরে বলেন, ‘ভৌগলিক দিক থেকে ছোট হলেও জনসংখ্যার দিক থেকে বড় এই দেশে আমরা করোনা যথেষ্ট নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। স্বাস্থ্য সুরক্ষা মেনে চলায় আমরা যেমন নির্দেশনা দিয়েছি, প্রণোদনা দিয়েছি, তেমনি ভ্যাকসিন প্রদানও শুরু করেছি। প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি পুনরায় কৃতজ্ঞতা ব্যক্ত করে বলেন, তারা ভোট দিয়েছিলেন বলেই আমরা ক্ষমতায় আসতে পেরেছি এবং তাদের সেবা করার সুযোগ পেয়েছি। সরকার, দল, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সশস্ত্রবাহিনী এবং জনপ্রতিনিধি থেকে শুরু করে সবাই আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কারণে দেশে কোভিড-১৯ নিয়ন্ত্রণে রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা আগেই আমরা অনুমোদন দিয়েছিলাম আর আজকে আমরা তা উন্মুক্ত করলাম। যার বাস্তবায়নও ইতিমধ্যে শুরু হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রেখেই বাংলাদেশ এগিয়ে যাবে।
