ক্যাপিটলে ট্রাম্প-সমর্থকদের দাঙ্গায় স্বাধীন তদন্ত কমিশন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫১

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের দাঙ্গার ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন গঠন করছে মার্কিন কংগ্রেস। গত সোমবার প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এ তথ্য জানান। এদিকে জর্জিয়ায়ও এক নির্বাচন কর্ম-কর্তাকে নির্বাচনি ফল পালটানোর জন্য ফোন করায় ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের তদন্ত হচ্ছে। খবর ডয়চেভেলে ও রয়টার্সের

স্পিকার পেলোসি জানিয়েছেন, ২০০১ সালে নিউ ইয়র্ক ও পেন্টাগনে হামলার পরে যেভাবে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, এবারও ঠিক সেভাবেই তদন্ত কমিটি গঠন করা হবে। কমিশন ঘটনার সত্যতা খুঁজে বের করবে। ৬ জানুয়ারি ট্রাম্পের বক্তৃতা শোনার পর তার সমর্থকেরা ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছিল। ঐ ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছিল। ক্যাপিটলের নিরাপত্তা নিয়ে একটি রিপোর্ট দিয়েছেন মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রাসেল হনরে। সেই রিপোর্টের ভিত্তিতেই নতুন তদন্ত কমিটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পেলোসি জানিয়েছেন, কমিটি মূলত দুটি কাজ করবে। এক, কীভাবে হামলা হলো তা খতিয়ে দেখবে। দুই, ক্যাপিটলের নিরাপত্তার বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট দেবে। রাসেলের রিপোর্টেও ক্যাপিটলের নিরাপত্তা নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে প্রতিনিধি পরিষদের রিপাবলিকানদের একটি গ্রুপ স্পিকার পেলোসির কাছে একটি চিঠি লিখেছেন, যেখানে অভিযোগ করা হয়েছে, জেনারেলের নিরাপত্তা পর্যালোচনার বিষয়ে রিপাবলিকান পার্টির সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তারা আরো জানতে চেয়েছেন, ৬ জানুয়ারি উপলক্ষ্যে পেলোসি নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে কী জানতেন এবং কী নির্দেশনা দিয়েছিলেন। গত মাসে ক্যাপিটলের পুলিশ কংগ্রেস ভবন ঘিরে স্থায়ী বেড়া নির্মাণের প্রস্তাব দিয়েছিল। কিন্তু অনেক আইনপ্রণেতা এবং ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউজার এই প্রস্তাবের বিরোধিতা করেছেন।

ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যার বিরুদ্ধে দুবার অভিশংসনের প্রস্তাব নেওয়া হয়েছে। দ্বিতীয়বার ক্যাপিটলের ঘটনার জন্য তার বিরুদ্ধে ঐ প্রস্তাব আনা হয়েছিল। প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও সিনেটে শেষ পর্যন্ত বেঁচে গিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তবে রিপাবলিকানদের একটি অংশ ডেমোক্র্যাটদের সমর্থন করে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। রিপাবলিকানদের বড় অংশ সিনেটে অভিশংসনের বিরুদ্ধে ভোট দিলেও ক্যাপিটলে দাঙ্গার জন্য তারা ট্রাম্পকেই দায়ী করছে। এই পরিস্থিতিতে ক্যাপিটলের ঘটনার জন্য স্বাধীন কমিটি গঠন গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।