ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় রিপোর্টার আরফিন শরিয়তের ওপর নিজ এলাকা ফেনীর সোনাগাজীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এই মানববন্ধন করে। শিক্ষার্থীদের মানববন্ধনে সংহতি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির।
এ সময় শিক্ষার্থীরা আরেফিন শরিয়তের ওপর হামলার দ্রুত বিচার দাবি করেন। মানববন্ধনে শিক্ষার্থী জালাল উদ্দিন মুহাম্মদ আকবর বলেন, স্থানীয় সন্ত্রাসী দ্বারা তার ওপর হামলা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রশাসনের ওপর আস্থা রাখতে চাই। আমরা আশা করি, খুব দ্রুত এর বিচার হবে।
এ হামলাকে ন্যক্কারজনক উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির বলেন, আমরা দেখেছি লকডাউনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর প্রতিহিংসা পরায়ণ হয়ে তাদের প্রতিবেশী দ্বারা বারবার আক্রমণের শিকার হয়েছেন। শরিয়তের পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধে গ্রাম মাতব্বররা মোড়লগিরি করার জন্য টাকার বিনিময়ে এসে অন্যায়ভাবে হামলা করেছে।
