সাঁথিয়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে মোবাইল ফোনে ডেকে নিয়ে নাজমুল (২৭) নামে এক আওয়ামী লীগ নেতাকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। পৌরসভার শশদিয়া গ্রামের কাটিয়াদহ বিলে পেঁয়াজের খেতে এ ঘটনা ঘটে। পুলিশ প্রধান আসামি শাকিল (২৮) নামে এক জনকে আটক করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়েছে। নাজমুল ঐ গ্রামের আব্দুল মজিদের ছেলে ও আওয়ামী লীগের গ্রাম কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
জানা যায়, শাকিল ও নাজমুল একে অপরের বন্ধু। সোমবার রাত ৮টার দিকে মোবাইল ফোনে নাজমুলকে এক প্রতিবেশী ডেকে নেয়। এর পর নাজমুল রাত ১১টায় বাড়ি এসে ২৮ হাজার টাকা নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, নাজমুলের নিখোঁজ হওয়ার পর পুলিশ পাঠিয়ে বিষয়টির খোঁজখবর নেওয়া হয়। এমন সময় পার্শ্ববর্তী জঙ্গলের ভেতর লুকিয়ে থাকা শাকিলকে সন্দেহ হলে তাকে আটক করা হয়। শাকিলের দেওয়া তথ্যানুযায়ী শশদিয়া গ্রামের পাশে কাটিয়াদহ বিলের মধ্য থেকে নাজমুলের লাশ উদ্ধার করা হয়।
