অক্সফোর্ডের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:৫৩

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একই সঙ্গে দরিদ্র দেশগুলোতে এই টিকা বিতরণের অনুমতি দিয়েছে। সোমবার ডব্লিউএইচওর এক বিবৃতিতে অক্সফোর্ডের টিকার অনুমোদন দেওয়ার কথা জানানো হয়। অক্সফোর্ডের টিকা উত্পাদন করছে ভারতের সিরাম ইনস্টিটিউট এবং দক্ষিণ কোরিয়ার এসকে বায়ো। সিরাম ইনস্টিটিউটের উত্পাদিত এই টিকা বাংলাদেশে দেওয়া হচ্ছে।

এএফপির খবরে বলা হয়েছে, ডব্লিউএইচওর একটি বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশের পর অক্সফোর্ডের টিকার অনুমোদন দিল সংস্থাটি। ঐ প্যানেল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দুইটি ডোজ আট থেকে ১২ সপ্তাহের ব্যবধানে দেওয়ার সুপারিশ করেছে। তাদের পর্যালোচনায় অক্সফোর্ডের টিকায় আবশ্যক নিরাপত্তা বৈশিষ্ট্য এবং কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে। তুলনামূলক কম দাম এবং ফাইজার-বায়োএনটেকের টিকার চেয়ে বিতরণ সহজ হওয়ায় এই টিকার প্রশংসাও করা হচ্ছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস সোমবার বলেছেন, দ্রুত টিকা বিতরণের সব বন্দোবস্ত এখন আছে। তবে এখনো আমাদের উত্পাদন বাড়াতে হবে।

ভারতে দক্ষিণ আফ্রিকার কোভিড স্ট্রেইন শনাক্ত

ভারতে চার জনের শরীরে দক্ষিণ আফ্রিকার কোভিড স্ট্রেইন শনাক্ত হয়েছে। তারা অ্যাঙ্গোলা, তানজানিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছেন। এছাড়া এক জনের শরীরে ব্রাজিলের কোভিড ভ্যারিয়েন্টও শনাক্ত হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, আক্রান্ত পাঁচ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।