চারটি সংগঠন একত্র হওয়ার উদ্দেশ্য আছে :সাকি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:৫৩

 ‘গণমানুষের রাজনীতি এগিয়ে নিয়ে জনগণের নিজস্ব রাজনীতি প্রতিষ্ঠার’ লক্ষ্যে একত্রে পথচলার আনুষ্ঠানিক ঘোষণা দিল চারটি সংগঠন। এ চারটি সংগঠন হলো—গণসংহতি আন্দোলন, ছাত্র-যুবক-শ্রমিক অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্রচিন্তা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী একসঙ্গে পালনের ঘোষণা দিয়েছে সংগঠন চারটি।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আমরা গণমানুষের রাজনীতি বাংলাদেশে গড়ে তুলতে চাই। তারই অংশ হিসেবে আমরা একসঙ্গে কিছু কাজ করছি। এর মধ্য দিয়ে আমরা গণমানুষের রাজনীতি এগিয়ে নিয়ে গিয়ে জনগণের নিজস্ব রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।

ছাত্র যুবক ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, আমরা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আমাদের যাত্রা শুরু হয়েছে, এটা চলমান থাকবে। আমাদের চিন্তার সঙ্গে যদি আরো কেউ যুক্ত হতে চায় আমরা তাদের আসার আহ্বান জানাই।

সংবাদ সম্মেলনে ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু ও ‘রাষ্ট্রচিন্তা’র হাসনাত কাইয়ুমও বক্তব্য রাখেন। ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীরও এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল।