'নির্বাচন পেছানোর দাবি ও বিএনপি কার্যালয়ের সামনে আগুন সন্ত্রাস একই সূত্রে গাঁথা'

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১৭:০৮

নির্বাচন পেছানোর দাবি, বিএনপি কার্যালয়ের সামনে অাগুন সন্ত্রাস ও হামলা একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি। তিনি বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেওয়ার পর নির্বাচন ভণ্ডুল করার লক্ষে বিএনপি নির্বাচন কমিশনে গিয়ে নির্বাচন পিছানোর দাবি করে। এরপর বিএনপি কার্যালয়ের সামনে বিনা উস্কানিতে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। শুধু তাই নয়, ঘেরাও করে নির্লজ্জ হামলা পরিচালনা করে ৩টি গাড়ি পুড়িয়ে দেয়। পথচারীদের উপর হামলা করা হয়। অর্থাৎ তাদের(বিএনপির) নির্বাচন পেছানোর দাবি, বিএনপি অফিসের সামনে অাগুন সন্ত্রাস ও হামলা একই সূত্রে ঘাঁথা।

শুক্রবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত 'বিএনপি'র অাগুন সন্ত্রাস, জঙ্গীবাদ ও নৈরাজৈর প্রতিবাদে' সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাঁশ আর লাঠি নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়েছিল তারা। এর মানে হচ্ছে সংঘাত সৃষ্টির পূর্ব প্রস্ততি নিয়েই বিএনপি নেতাকর্মীরা তাদের কার্যালয়ের সামনে হাজির হয়েছিলো। 

মির্জা ফখরুল ও মাহমুদুর রহমান মান্নার কঠোর সমালোচনা করে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুলের ক্রমাগত মিথ্যাচারের প্রেক্ষিতে মিথ্যা ফখরুল নামটি তার যথার্থ হয়েছে। আর মাহমুদুর রহমান মান্নাকে নৌকা থেকে বের করে দেওয়ার পর উনি এখন খালেদা জিয়ার জন্য নাকি জীবন দিবেন।এখন তিনি যে ভাষায় বক্তব্য দিচ্ছেন তাতে উনার আর মির্জা ফখরুলের মধ্যে মিথ্যা বলার প্রতিযোগিতা শুরু হয়েছে মনে হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, শুধু যারা হামলার সঙ্গে যুক্ত তাদের নয়, যারা হামলার মদদদাতা তাদেরকেও অবিলম্বে গ্রেফতার করে অাইনের আওতায় অানা হোক। আর এই হামলা নিয়ে মির্জা ফখরুল, মাহমুদুর রহমান মান্না, রিজভীসহ যারা মিথ্যাচার করছে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হোক।

ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকতার হোসেন, আওয়ামী লীগ নেতা এ্যাড. বলরাম পোদ্দার, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন টয়েল প্রমূখ।

ইত্তেফাক/নূহু