১০ বছর পর গানে আরমান খান, নতুন পরিচয় গায়ক

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫৩

‘প্রফেশনালি মিউজিক করা ছেড়েছি প্রায় ৮ বছর হয়ে গেলো। গান বানাইনি প্রায় ১০ বছর। মাঝে ফেসবুক লাইভে এসে টুকটাক গান, আর গ্র্যান্ড সুলতানের পুনর্মিলনী অনুষ্ঠানে টুকটাক গান করেছি বিগত কয়েক বছর। তবে একটা নতুন বার্তা মনে হয় আসবে খুব শিগগিরই! এ সপ্তাহেও হতে পারে!’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ১৫ ফেব্রুয়ারি কথাগুলো লিখে সুখবরের আভাস দেন সংগীতশিল্পী আরমান খান। তার সেই বার্তা পাওয়া গেলো একদিন বাদেই।  

১০ বছর পর নতুন গান তৈরি করলেন আরমান খান। এর শিরোনাম ‘বন্ধু’। এটি গেয়েছেন তিনি নিজেই। এবারই প্রথম তার গাওয়া গান প্রকাশ হচ্ছে। এর কথা, সুর ও সংগীত সবই তার। ফেসবুকে গানটির প্রচারণামূলক পোস্টার শেয়ার করেছেন তিনি।

 

Releasing on 24 Feb 2021 Evening 07:00PM Only on *G Series Music* Youtube Channel

Posted by Arman Khan on Tuesday, February 16, 2021

আগামী ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ইউটিউবে জি সিরিজ মিউজিক চ্যানেলে আসবে গানটি। আরমানের ভাই আদনান খান রিদম প্রোগ্রামিং, সাউন্ড ডিজাইনিং ও মাস্টারিংয়ের কাজ করেছেন।

বন্ধু গানটি গাওয়ার অনুপ্রেরণা কোথায় পেলেন? ইত্তেফাক অনলাইনের এই প্রশ্নে আরমান খানের উত্তর, ‘এমনি করলাম।’

এত বছর পর গানে ফিরলেন, তাও আবার নিজেই গাইলেন। নিজে গাওয়ার পেছনে বিশেষ কোনো কারণ আছে? জনপ্রিয় এই সংগীতশিল্পীর সোজা-সাপ্টা জবাব, ‘না। মন চাইলো গাইলাম। এছাড়া আর কিছু না।’

নিয়মিত কাজ করবেন কিনা জানতে চাইলে ইত্তেফাক অনলাইনকে আরমান খান বলেন, ‘হয়তো না। কারণ গান-বাজনায় পেশাদারভাবে আর ফেরার কোনো ইচ্ছে নেই। তবে মন চাইলে গান করবো।’

পেশা হিসেবে ব্যবসা ও হোটেল গ্র্যান্ড সুলতানের সহকারী মহাব্যবস্থাপকের দায়িত্ব নিয়েই থাকতে চান আরমান খান। তার লক্ষ্য, ‘মানবতার কল্যাণে কাজ করে যেতে চাই। খাজা মোজাম্মেল হক (রা.) ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছি।’

প্রমিথিউস ব্যান্ডের বিপ্লবের গাওয়া ‘চান্দের বাত্তির কসম দিয়া’, আর্ক ব্যান্ডের হাসানের কণ্ঠে ‘শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত’, ‘লাল বন্ধু নীল বন্ধু’, মমতাজের ‘নান্টু ঘটক’ গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন আরমান খান।

একসময় অডিও অ্যালবামের পাশাপাশি নাটকের আবহসংগীত করতেন আরমান খান। এছাড়া বাবা সুরস্রষ্টা আলম খানের সঙ্গে চলচ্চিত্রের জন্য সংগীতায়োজনের কাজ করতেন। 

করোনা মহামারির সময় ইউটিউবে ‘বেস্ট অ্যান্ড গ্রেট’ চ্যানেল খুলে সংগীতাঙ্গনের কৃতী পুরুষদের তুলে ধরেছেন আরমান খান। সত্তর ও আশির দশকের জনপ্রিয় গানগুলোর তৈরি হওয়ার গল্প নিয়ে তিনি সংশ্লিষ্ট গুণীজনদের সঙ্গে আড্ডা দিয়েছেন।

ইত্তেফাক/বিএএফ