সৌন্দর্য এবং প্রতিভার সম্মিলনে আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স ২০২০’-এর বাংলাদেশ পর্বের মূল প্রতিযোগিতার জন্য প্রস্তুত সেরা ৫০ প্রতিযোগী। নিবন্ধিত প্রতিযোগীদের মধ্যে থেকে সৌন্দর্য, শিক্ষা, প্রতিভা, বুদ্ধিমত্তাসহ আরও বিভিন্ন যোগ্যতার উপর ভিত্তি করে শীর্ষ ৫০ জনকে নির্বাচন করা হয়। তাদেরকে যুক্ত করা হবে বিভিন্ন কার্যক্রমে।
সেরা ৫০ জনের মধ্যে থেকে প্রথম ২০ জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচন করা হবে। চূড়ান্ত পর্বের জন্য প্রস্তুত করতে তাদের নিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হবে গ্রুমিং প্রক্রিয়া।
গত ১১ জানুয়ারি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু হয় এবারের পর্বের কার্যক্রম। ১৩ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার নিবন্ধন করেন ৯,২৫৬ জনেরও বেশি। প্রাথমিক বাছাইয়ের পরে অডিশনের জন্য ডাক পান ৫০০ জন প্রতিযোগী। দেশে অবস্থানরত প্রতিযোগীদের অডিশন পর্ব অনুষ্ঠিত হয় ১১ ফেব্রুয়ারি এবং বিদেশে অবস্থারত প্রতিযোগীরা ১৩ ফেব্রুয়ারি ভার্চুয়াল মাধ্যমে অডিশন পর্বে অংশ নেন।

মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার ন্যাশনাল ডিরেক্টর শফিকুল ইসলাম জানান, ‘গতবারের চেয়ে এবার আরও মেধাবী ও প্রতিভাবান প্রতিযোগীরা অংশগ্রহণ করছেন। এটি এমন একটি প্লাটফর্ম যেখানে নারীরা শুধুমাত্র তাদের সৌন্দর্যই নয় বরং তার প্রতিভার প্রকাশ ঘটান, প্রকাশ ঘটান তাদের বুদ্ধিমত্তা ও আত্মবিশ্বাসের। অডিশনের দিন প্রতিযোগীদের অভিভাবকদের উপস্থিতি প্রমাণ করে এই ধরনের প্লাটফর্ম নিয়ে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে।’
অডিশন পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রিয়তা ইফতেখার (মিস কালচার ওয়ার্ল্ডওয়াইড ২০১৮), ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন, আইস টুডের ফ্যাশন এডিটর গৌতম সাহা এবং মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯-এর প্রথম রানারআপ আলিশা ইসলাম।

চূড়ান্ত পর্বের বিচারক হিসেবে থাকবেন গায়ক তাহসান রহমান খান এবং অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। আগামী ২০ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা। আগামী মে মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘ফ্লোরা ব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এর মুকুট বিজয়ী।
ইত্তেফাক/বিএএফ
